আকাশেই চক্কর কাটল আজমলের হেলিকপ্টার, হয়নি অবতরণ, ষড়যন্ত্রের অভিযোগ

Spread the news

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : আকাশপথে হেলিকপ্টার ঘুরেই চলছিল। সবাই অপেক্ষা করছিলেন—এই হেলিকপ্টার থেকে নেমে প্রিয় নেতা ভাষণ দেবেন। প্রায় ২০ মিনিট ধরে আকাশেই চক্কর কাটল হেলিকপ্টারটি। বহু চেষ্টা করেও ব্যর্থ হলেন পাইলট। অস্থায়ী হেলিপ্যাড থেকে কোনও সংকেত না পাওয়ায় অবতরণ করতে পারল না হেলিকপ্টারটি। মঙ্গলবার সামাগুড়ি কেন্দ্রের কাওয়াইমারিতে এআইইউডিএফ প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী প্রচারে আসার কথা ছিল দলের সভাপতি বদরুদ্দিন আজমলের। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত সভায় কেন্দ্রের হাজার হাজার মানুষের সমাগম হয়। নির্ধারিত সময়েই বদরুদ্দিন আজমল উপস্থিত হলেও সভাস্থলে পৌঁছাতে পারেননি। তাঁর হেলিকপ্টার সভাস্থলে অবতরণ করতে না পারায় প্রায় ২০ মিনিট আকাশেই থাকতে হয়। নির্দিষ্ট স্থানের তুলনায় অতিরিক্ত মানুষের ভিড় হওয়ায় হেলিকপ্টারটি অবতরণ করতে পারেনি। দীর্ঘ চেষ্টা সত্ত্বেও অস্থায়ী হেলিপ্যাড থেকে কোনও সংকেত না পাওয়ায় অবতরণ সম্ভব হয়নি।
তবে এই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের গাফিলতির অভিযোগ তুলেছেন সামাগুড়ির এআইইউডিএফ প্রার্থী আব্দুল আজিজ।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমেই এমন হেলিপ্যাড তৈরি করা হয়েছে যাতে হেলিকপ্টার অবতরণ করতে না পারে। সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় অবশেষে আজমলসহ হেলিকপ্টারটি সেখান থেকে ফিরে যায়।

রকিবুল হোসেনকে কটাক্ষ করে আব্দুল আজিজ অভিযোগ করেন, তাঁর ষড়যন্ত্রেই ত্রুটিপূর্ণ হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে এবং অবতরণে বাধা সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, “হেলিপ্যাড নির্মাণকারী ইঞ্জিনিয়ারকে কেউ মোটা অঙ্কের টাকা দিয়ে এমন কাজ করিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *