ফের গ্রেফতার ACS নূপুর বরা, সিএম ভিজিল্যান্সের অভিযান

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : ফের গ্রেফতার হলেন ACS আধিকারিক নূপুর বরা। দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী বিশেষ তদারকি কোষ (CM Vigilance) তাঁকে গ্রেফতার করেছে। নূপুর বরার বিরুদ্ধে বরপেটা জেলার জেলা কমিশনার ও সহকারী কমিশনার সিএম ভিজিল্যান্সে এজাহার দাখিল করেছিলেন। এজাহারের ভিত্তিতে তদারকি কোষে ৩২/২৫ নম্বর মামলা রুজু করা হয়। অভিযোগ অনুযায়ী, অর্ধশতাধিক ব্যক্তির ক্ষেত্রে জালিয়াতির মাধ্যমে ভূমির নামজারি করেছিলেন নূপুর বরা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিবন্ধন না করেই একাধিক ভূমি নামজারি করা হয় বলে অভিযোগ। সিএম ভিজিল্যান্সের তদন্তে এসব বিস্ফোরক তথ্য সামনে এসেছে।

অন্যদিকে, বরপেটায় মুখ্যমন্ত্রী বিশেষ তদারকি কোষ একটি অভিযান চালায়। অভিযানে প্রায় ৭০ জন সন্দেহভাজন ব্যক্তির ভূমি সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা নথিপত্র যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

নথিপত্রে অসঙ্গতি ধরা পড়ার পরই নূপুর বরাকে পুনরায় গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী, বরপেটায় কর্মরত থাকার সময় নূপুর বরো অবৈধ প্রক্রিয়ায় ২৮৪ জন ব্যক্তির ভূমি নিবন্ধন করে দেন। বিপুল অর্থের বিনিময়ে কিছু সন্দেহভাজন ব্যক্তির নামে এসব ভূমি নিবন্ধন করা হয় বলে অভিযোগ। বরপেটা জেলা কমিশনার ২৮৪ জনের ভূমি জালিয়াতি সংক্রান্ত তথ্য তদারকি কোষকে সরবরাহ করেছেন। এই তথ্যগুলির মূল্যায়ন বর্তমানে তদারকি কোষের পক্ষ থেকে করা হচ্ছে। এছাড়াও, কামরূপের গরৈমারিতেও বহু ব্যক্তির ক্ষেত্রে অবৈধভাবে ভূমি নিবন্ধনের অভিযোগ উঠেছে নূপুর বরার বিরুদ্ধে। এ বিষয়ে গরৈমারি সার্কল আধিকারিকের কার্যালয় থেকে তথ্য তলব করেছে তদারকি কোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *