শান্তিপূর্ণ ঈদ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি, ট্রাফিক নিয়ন্ত্রণ, সোশ্যাল মিডিয়ায় সংযমের আহ্বান

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উৎসবকে সামনে রেখে জেলাজুড়ে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসনের উদ্যোগে শুক্রবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত অভিষেক জৈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে হাইলাকান্দি জেলার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ অমিতাভ সিনহা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার মিনার্ভা দেবী, অ্যাডিশনাল এসপি,  লালা, কাটলিছড়া ও হাইলাকান্দি রাজস্ব  চক্রের চক্র আধিকারিক  সহ জেলার বিভিন্ন ঈদগাহ কমিটির সভাপতি-সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে উদ্দেশ্য ব্যাখ্যা করেন এডিশ্যনাল ডিস্ট্রিক্ট কমিশনার মিনার্ভা দেবী। বৈঠকে গত বছরের ঈদ উপলক্ষে গৃহীত সিদ্ধান্তগুলির পর্যালোচনা করা হয় এবং সেগুলি অনুসরণ করেই এ বছরও উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঈদের দিন জেলার বিভিন্ন ঈদগাহ— বিশেষ করে সিরাজ পট্টি ঈদগাহ, কাটলিছড়া বাসস্ট্যান্ড ঈদগাহ, এএসটিসি স্ট্যান্ড ঈদগাহ, বোয়ালিপার ঈদগাহ এবং নারায়ণপুর ঈদগাহে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। সেই প্রেক্ষিতে এসব এলাকার আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঈদগাহ কমিটিগুলিকেও পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করে প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি সিরাজ পট্টির আরপি রোড সংলগ্ন রেলওয়ে ক্রসিং এলাকায় যানজট এড়াতে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থাও গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈঠকে জেলার পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি থানায় পৃথকভাবে বৈঠক করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিনের সভায় জেলা আয়ুক্ত অভিষেক জৈন এবং এসএসপি অমিতাভ সিনহা ঈদের দিন ট্রাফিক আইন মেনে চলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। জেলা আয়ুক্ত অভিষেক জৈন বলেন, উৎসবের আনন্দ যেন কোনও অসতর্কতার কারণে দুর্ঘটনায় পরিণত না হয়। বিশেষ করে বেপরোয়া মোটরসাইকেল চালানো বা ট্রাফিক আইন অমান্য করার ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যেই উৎসবের আনন্দকে বিষাদে পরিণত করতে পারে। অন্যদিকে জেলার পুলিশ সুপার অমিতাভ সিনহা ট্রাফিক আইনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বাইক আরোহীদেরকে হেলমেট পরিধান করা, ট্রাফিক আইন মেনে চলার উপর সচেতন করে তুলতে বিভিন্ন ইদগাহ কমিটিকে আহবান জানান।  তাছাড়া ফেসবুক,  সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনও ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী কয়েক দিনের মধ্যে জেলার বিভিন্ন সার্কলে থানা স্তরে সচেতনতামূলক বৈঠক আয়োজন করা হবে। সেখানে স্থানীয় ঈদগাহ কমিটি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য সচেতনতা গড়ে তোলা হবে। জেলা আয়ুক্ত অভিষেক জৈন —জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাবাসীর প্রতি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে সবাই যেন আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করার আহবান জানান।

এদিনের সভায় হাফিজ আবুল হোসেন মাঝারভূইয়া ঈদের মুখে রান্নার গ্যাস সংকট, ইদের দিন হাইলাকান্দি জেলা সদরের বিভিন্ন ইদগাহের এপ্রোচ রোড পরিস্কার পরিচ্ছন্ন করা, বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে ন্যাকা চেকিং এর   জন্য বিহিত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। জেলা আয়ুক্ত অভিষেক জৈন জানান, শুক্রবার জেলার বিভিন্ন গ্যাস এজেন্সির সাথে বৈঠক করা হয়েছে। হাইলাকান্দি জেলায় রান্নার গ্যাসের কোন সংকট নেই। তবে সার্ভার, পোর্টাল ইস্যু জনিত সমস্যা দেখা দেওয়ায় বুকিং, ডেলিভারি  নিয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তবে পোর্টাল ইস্যু  দ্রুত নিস্পত্তি হবে বলে জানান তিনি। তাছাড়া ঈদগাহ অ্যাপ্রোচ রোড পরিস্কার পরিচ্ছন্ন করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও  আশ্বাস দেন তিনি। এদিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন ন্যাকা চেকিং হবে। ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে যুবসমাজের মধ্যে   সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *