বাহাদুরপুর হাইস্কুলে পরিবেশবান্ধব দোল উৎসবের জন্য আবির তৈরীর কর্মশালা

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ দোল উদ্‌যাপনের বার্তা ছড়িয়ে দিতে হাইলাকান্দি জেলার বাহাদুরপুরের এসএএম হাইস্কুলে আয়োজিত হলো পরিবেশ বান্ধব আবির রং তৈরির এক বিশেষ কর্মশালা। অসম সরকারের অসম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের সৌজন্যে ও বিদ্যালয়ের ইকো ক্লাবের ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালায় অংশ গ্রহণ করেন  প্রায় ৬০ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক শিক্ষিকা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক দেবাশিস গুহ ঠাকুরতা, নিমার আলি হাইস্কুলের সহকারী শিক্ষিকা বিজয়িনী ভট্টাচার্য সহ অন্যান্যরা। দোল উৎসবে রাসায়নিক রঙের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। কর্মশালায় শিক্ষার্থীদের প্রাকৃতিক উপাদান যেমন- হলুদ, পালং শাক, বিট, কচুপাতা ও ফুলের পাপড়ি ব্যবহার করে নিরাপদ রং তৈরির পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়।

প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, “প্রাকৃতিক উপায়ে তৈরি রঙ ত্বক ও পরিবেশের জন্য নিরাপদ। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলে, তবে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।” আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দি জেলার সময়ন্বয়ক লুৎফুর রহমান বড়ভূইয়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, নিজেরাই রঙ তৈরি করতে পেরে তারা আনন্দিত এবং আগামী দোল উৎসবে এসব রং ব্যবহারের অঙ্গীকার করেন। শিক্ষকবৃন্দও এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের আশ্বাস দেন। সার্বিকভাবে, বিদ্যালয়ের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও আনন্দময় দোল উদ্‌যাপনের এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাপ্তি অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের হাতে শংসাপত্র, পুরস্কার ইত্যাদি তুলে দেন অতিথিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *