মেঘালয়ের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল পাথারকান্দির যুবকের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : রুজির সন্ধানে মেঘালয়ে গিয়ে প্রাণ হারালেন পাথারকান্দির শ্রমিক আব্দুল মান্নান।অসমের প্রতিবেশী রাজ্যে মেঘাল্যের কয়লাখনিতে সংঘটিত এক ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন অসমের শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানাধীন কটামণি এলাকার বাজারঘাট গ্রামের এক হতভাগ্য শ্রমিক। মৃতের নাম আব্দুল মান্নান, বয়স আনুমানিক ৩৫ বছর। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আব্দুল মান্নান। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে স্ত্রী, দুই ছোট ছেলে ও তিন মেয়ের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে রোজগারের তাগিদে সুদূর মেঘালয়ে কয়লাখনিতে কাজ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই রুজি-রুটির সন্ধানই শেষ পর্যন্ত কেড়ে নিল তাঁর প্রাণ।

এই আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী ও সন্তানেরা। চোখের জল আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে মান্নানের বাড়ি। জানা গেছে, তাঁদের মাথা গোঁজার ঠাঁই বলতে একটি জরাজীর্ণ বসতঘর ছাড়া আর কিছুই নেই। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। এই পরিস্থিতিতে পরিবারের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে মৃত শ্রমিকের পরিবার। আব্দুল মান্নানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর নিজ গ্রামসহ গোটা কটামণি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা মান্নানের বাড়িতে ভিড় জমাচ্ছেন, সান্ত্বনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *