মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীভূমি শহরে শুরু হল লোক সংস্কৃতি মঞ্চের উদ্যোগে দু’দিনব্যাপী লোকসংস্কৃতি সম্মেলন ও উৎসব। শনিবার সকালে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। সকাল ৮টায় বিবেকানন্দ কলেজ অব এডুকেশন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নেন। একই সঙ্গে মঞ্চের পতাকা উত্তোলন করেন লোক সংস্কৃতি মঞ্চের সভাপতি সুবীর বরণ রায় ও অভ্যর্থনা সমিতির সভাপতি জগদীশ চন্দ্র বণিক।
উৎসবের প্রথম দিনে শিল্প-সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিদের নামে একাধিক মঞ্চের উদ্বোধন করা হয়। বিবেকানন্দ কলেজ অব এডুকেশন প্রাঙ্গণে ‘রঞ্জিতকুমার পুরকায়স্থ স্মৃতি মঞ্চ (মুক্তমঞ্চ)’ উদ্বোধন করেন করিমগঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড. রাধিকারঞ্জন চক্রবর্তী। ‘ধীরেন্দ্র লাল রায় স্মৃতি মঞ্চ’ (বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন প্রেক্ষাগৃহ) উদ্বোধন করেন করিমগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তী। এছাড়া ‘করুণাশঙ্কর ভট্টাচার্য স্মৃতি সাহিত্য ও আলোচনা সভা মঞ্চ’ (বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন) উদ্বোধন করেন রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সব্যসাচী রায়।

সকাল ১১টায় লোকসংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানের অংশ হিসেবে শিশু মেলা ও লোকগানের আসর অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় প্রদর্শনী ও লোকমেলার উদ্বোধন করেন বদরপুরের নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ড. পার্থ সারথি দাস। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় লোকসংস্কৃতি ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
৮ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১০টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন লোকসংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে প্রকাশ্য অধিবেশন ও স্মরণিকা উন্মোচন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. বিশ্বতোষ চৌধুরী। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে লোকশিল্পী বাবলু সাই ও কলকাতার শিল্পী অমিত গুহ অনুষ্ঠানে অংশ নেবেন।



