মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলায় নিষিদ্ধ মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে বড় সাফল্য পেল। গোপন সূত্রের ভিত্তিতে শ্রীভূমি সদর থানার পুলিশ শহর সংলগ্ন মোবারকপুর এলাকায় অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে। এই ঘটনায় একজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ কফ সিরাপ পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে এমন তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি শুরু করে শ্রীভূমি সদর পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মোবারকপুর এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে আটক করা হয় TR/01/AR/1848 নম্বর ওই ট্রাকটি তল্লাশি চালিয়ে পুলিশ ৩৭টি কার্টনের মধ্যে রাখা প্রায় ৫ হাজারেরও বেশি নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ট্রাকটি শ্রীভূমি থেকে বদরপুরের দিকে যাচ্ছিল এবং গোপনে এই নিষিদ্ধ সামগ্রী পাচার করার চেষ্টা করা হচ্ছিল। এমন আগাম খবরে বিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ট্রাক সহ চালক মোবারকউল্লা চৌধুরীকে গ্রেফতার করে। ধৃত চালকের বাড়ি পাঁচগ্রাম এলাকায় বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ আরও জানিয়েছে, এই কফ সিরাপ পাচারের সঙ্গে জড়িত একটি বড় নেটওয়ার্ক সক্রিয় থাকার আশঙ্কা রয়েছে। সেই নেটওয়ার্কের সঙ্গে আর কারা জড়িত, এই চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পৌঁছানোর কথা ছিল এসব বিষয় খতিয়ে দেখতে ধৃত চালককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে পুলিশ।



