পাথারকান্দিতে ৮০ লক্ষ টাকার ইয়াবা সহ আটক এক পাচারকারী

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ মার্চ : মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য অর্জন করল পাথারকান্দি পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গভীর রাতে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা বলে জানা গেছে। ঘটনায় জাহেদ আহমেদ নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের (HQ) কাছে আগাম খবর আসে যে, পাথারকান্দি থানার অন্তর্গত চেরাগী এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের পরিকল্পনা চলছে। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পাথারকান্দি থানার ওসি মানস জ্যোতি বড়োর নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় গোপনে নজরদারি শুরু করে।

অভিযান চলাকালীন চেরাগী সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে পায়ে হেঁটে যেতে দেখে পুলিশ। তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়।

পরবর্তীতে ধৃত ব্যক্তির কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পুলিশ প্রায় ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃত ব্যক্তির নাম জাহেদ আহমেদ, তার বাড়ি পাথারকান্দি থানার অন্তর্গত পশ্চিম হাফানি গ্রামে বলে জানা গেছে।

এই বিষয়ে পাথারকান্দি থানার ওসি মানসজ্যোতি বড়ো সংবাদমাধ্যমকে জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতেই আমরা এই অভিযান পরিচালনা করি এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকসহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হই।” তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে আরও বড় কোনও পাচারচক্র সক্রিয় থাকতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখে ধৃত জাহেদ আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *