মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি তাদের সাংগঠনিক শক্তির জোরালো প্রদর্শন করল। বিশেষ করে সংখ্যালঘু ও চা-বাগান অধ্যুষিত এলাকাগুলিতে দলের প্রচারে উল্লেখযোগ্য সাড়া মিলছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। কটামণি এলাকায় আয়োজিত এক বিশাল পদযাত্রা এই বার্তাকেই আরও স্পষ্ট করে তুলেছে।
বৃহস্পতিবার লোয়াইরপোয়া ব্লকের ইচাবিল জিপির অন্তর্গত কটামণি এলাকায় স্থানীয় পাঁচটি বুথের বিজেপি কর্মী ও সমর্থকদের উদ্যোগে আয়োজিত পদযাত্রায় প্রায় দুই শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলকে ঘিরে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ইচাবিল জিপির সভানেত্রী সবিতা কুর্মির উপস্থিতিতে কটামণি বাজারস্থিত বিজেপির নির্বাচনী কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে ইচারপার বাজার ও তেজপুর এলাকা পরিক্রমা করে পুনরায় কটামণি বাজারে এসে শেষ হয়।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে দলীয় পতাকা নিয়ে “বিজেপি জিন্দাবাদ” ধ্বনিতে মুখরিত করে তোলেন এলাকা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পাথারকান্দির প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সমর্থনে বিভিন্ন স্লোগান শোনা যায়।

পদযাত্রা শেষে সংখ্যালঘু নেতা ফখরুল ইসলাম জানান, পাঁচটি বুথের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বিজেপির প্রতি বাড়তে থাকা সমর্থনের প্রমাণ। তিনি আরও দাবি করেন, আগামী ৯ এপ্রিলের নির্বাচনে এলাকার মানুষ বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালকে বিপুল ভোটে জয়ী করবেন। এদিনের কর্মসূচিতে আব্দুল বাসিত, হবিবুর রহমান, সালিম উদ্দিন, নুর আহমেদসহ বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। পুরো পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং নির্বাচনের আগে বিজেপির শক্ত ঘাঁটির ইঙ্গিত স্পষ্ট করে।



