৮ এপ্রিল : সামরিক ও বেসামরিক বিমান পরিবহনে নজরদারির ফাঁকফোকর নিয়ে আবারও প্রশ্ন উঠল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। নিরাপদে রক্ষা পান ইন্ডিগো-র একটি বিমান এবং তার সম্ভাব্য যাত্রীরাও। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত বিমানের যাত্রীদের অন্য বিমানে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিমানবন্দরের ৫১ নম্বর বে-তে দাঁড়িয়ে ছিল ইন্ডিগোর একটি বিমান। ওই সময় কলকাতা থেকে গুয়াহাটিগামী ৬ই ৬৬৬৩ নম্বরের বিমানে খাবার ও অন্যান্য সামগ্রী তোলার কাজ চলছিল। হঠাৎই কেটারিং পরিষেবার একটি গাড়ি, যা পার্ক করে রাখা ছিল, আচমকা গড়িয়ে পড়ে এবং সোজা গিয়ে ধাক্কা মারে বিমানের ইঞ্জিনে।
ঘটনার পর দ্রুত বিমানবন্দরের কর্মীরা চালকবিহীন গাড়িটিকে সরিয়ে দেন। সেই সময় বিমানে যাত্রীরা ওঠেননি, ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে যে অংশে গাড়িটি ধাক্কা মারে, সেখানে আগুন লাগার আশঙ্কা ছিল বলে জানা গেছে, যা ঘটলে বড় বিপর্যয় ঘটতে পারত।
ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়িতে চালক না থাকার কারণেই সেটি গড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বিমানের প্রযুক্তিগত পরীক্ষা চালানো হচ্ছে, কোনো ধরনের ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে।



