মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : অসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সীমান্তঘেঁষা এলাকায় কড়া নিরাপত্তা, নির্ভয়ে ভোট দিতে জনগণকে আহ্বান প্রশাসনের ৯ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন। গণতন্ত্রের এই মহোৎসবকে কেন্দ্র করে সীমান্তঘেঁষা পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। ভোটের দিন যাতে সাধারণ মানুষ কোনো ভয়ভীতি বা প্ররোচনার শিকার না হয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই সোমবার পাথারকান্দি জুড়ে আয়োজন করা হয় শ্রীভূমি জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর এক বিশাল ফ্লাগমার্চ।
সোমবার সন্ধ্যায় পাথারকান্দি থানার পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর জওয়ানদের অংশগ্রহণে এই ফ্লাগমার্চ শুরু হয়। শ্রীভূমি জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বাহিনীর সদস্যরা পাথারকান্দি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সংবেদনশীল এলাকা এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের অলিগলি প্রদক্ষিণ করেন। বাহিনীর সুসংগঠিত পদযাত্রা ও কড়া নজরদারি এলাকায় এক নিরাপত্তামূলক বার্তা পৌঁছে দেয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তি-শৃঙ্খলা অটুট থাকে, সে জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এই ফ্লাগমার্চের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করতে পারে তাদের প্রতি কঠোর বার্তা পৌঁছে দেওয়া। ফ্লাগমার্চ চলাকালীন মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি স্পষ্টভাবে সতর্ক করে দেওয়া হয়, নির্বাচনের দিন কেউ যদি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর মতো কোনো কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাথারকান্দি যেহেতু একটি সংবেদনশীল সীমান্ত এলাকা, তাই এখানে প্রতিটি বুথ ও সংশ্লিষ্ট অঞ্চলে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোতেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, পুলিশের এই সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি তৈরি করছে। ফলে ভোটের দিন সাধারণ মানুষ আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে ভোটকেন্দ্রে যেতে পারবেন।
উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল পাথারকান্দি সহ অসমের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে প্রশাসনের এই ধরনের ফ্লাগমার্চ ও নিরাপত্তা তৎপরতা এলাকায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সচেতন মহল।



