মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ মার্চ : বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শ্রীভূমি জেলার বদরপুর এলাকায় উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ অর্থ। এনিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নির্বাচনকে কেন্দ্র করে জোরদার নজরদারির অংশ হিসেবে বদরপুর পুলিশ এবং ফ্লাইং স্কোয়াড যৌথভাবে চেকিং চালানোর সময় এই অর্থ বাজেয়াপ্ত করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বদরপুর পেট্রোল পাম্পের সামনে একটি সন্দেহভাজন অল্টো গাড়ি (AS/10/B/0441) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে প্রায় ৭ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়। গাড়িতে থাকা ব্যক্তিরা দাবি করেন, এই অর্থ বারুণী মেলা থেকে শ্রীভূমির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এত বড় অঙ্কের নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনও বৈধ নথিপত্র বা অনুমোদনপত্র প্রদর্শন করতে না পারায় নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকা অনুযায়ী পুরো অর্থ বাজেয়াপ্ত করা হয়। নির্বাচনের আগে বেআইনি অর্থ লেনদেন রুখতে প্রশাসনের এই তৎপরতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে, এবং এই অর্থের উৎস ও প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।



