বরাক তরঙ্গ, ২১ মার্চ : শান্তিপূর্ণ ভাবে সবাইকে ভোটদানের আহ্বান ধনেহরির ঈদগাহ ময়দান থেকে। শনিবার সোনাইয়ের সর্ববৃহৎ ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় ধনেহরি ঈদগাহ ময়দানে। প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ পুরুষ নামাজে সামিল হন। নামাজ পাঠ করেন মুফতি মোহাম্মদ উল্লাহ বড়ভূইয়া। নামাজ শুরু হওয়ার আগে বয়ানে এই আহ্বান জানান মুফতি মোহাম্মদ উল্লাহ। তিনি বলেন, ভোটদান একটি মৌলিক অধিকার, সেই অধিকার যেন সবাই পালন করেন। আর শান্তিপূর্ণ ভাবে ভোটদান একজন নাগরিকের কর্তব্য। এ ছাড়াও তিনি সংক্ষিপ্ত বয়ানে কোরান ও হাদিস নিয়ে আলোচনা করেন। রোজা, ফিৎরা বিষয়েও আলোকপাত করেন। নামাজ শেষে দোয়ায় বিশ্বশান্তির কামনা করেন।

এ দিন শুরু বক্তব্য রাখেন কাছাড় বালিকা মাদ্রাসার শিক্ষক মওলানা কজবুল হোসেন লস্কর। তিনি ইসলামের প্রাসঙ্গিক দিকগুলো তুলে ধরেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি অসহায় লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। নামাজ চলাকালীন সোনাই পুলিশ প্রশাসনের সহযোগিতার দরুন কৃতজ্ঞতা প্রকাশ করেন ঈদগাহ কমিটির সভাপতি মজিবুর রহমান চৌধুরী ও সম্পাদক নুরুল আমিন বড়লস্কর।






