মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : আজ শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে স্বাধীনতা আন্দোলন এবং গণ আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরোধী ছাত্র যুব সংগ্রাম কমিটি, করিমগঞ্জ। এ দিন সকালে ৯-৩০ মিনিটে শম্ভু সাগর পার্কেস্থিত ভাষা শহিদ বেদীতে একে একে মাল্যদান করেন সংগঠনের অন্যতম আহ্বায়ক প্রজ্জ্বল দেব, সঞ্চিতা শুক্ল সহ অন্যান্যরা। এছাড়াও আছিমগঞ্জে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা শহিদ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাহারুল ইসলাম। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়কবৃন্দ যথাক্রমে সঞ্চিতা শুক্ল, সাদিক আকতার এবং প্রজ্জ্বল দেব। পরবর্তীতে দুপুর তিনটায়
ভাঙ্গা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে চারটায় বদরপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনাম উদ্দিন। সেখানে প্রারম্ভিক বক্তব্য রাখেন সঞ্চিতা শুক্ল। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ হিফজুর রহমান এবং প্রজ্জ্বল দেব। এছাড়াও ধন্যবাদ জ্ঞাপন করেন ছাত্র নেত্রী পপিরা ইয়াসমিন। তাছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন মুস্তাফা আহমেদ, সাহাবুদ্দিন প্রমুখ।
তিনটি জায়গায় অনুষ্ঠিত পথ নাটক ” করিমগঞ্জের পাঁচালী” মানুষের মধ্যে বিশাল সাড়া জাগায়। সংগঠনের অন্যতম আহ্বায়ক প্রোজ্জ্বল দেব সহ অন্যান্য বক্তারা ১৯৫২ ও ১৯৬১, ১৯৭২, ১৯৮৬ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন মাতৃভাষা দিবস পালন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়। এই দিনে স্মরণ করতে হয় কিভাবে অসম সাহসিক ভূমিকা গ্ৰহণ করে , প্রাণ বলিদান দিয়ে প্রবল প্রতিপত্তিশালী সরকারকে মাতৃভাষা চর্চার অধিকার ঘুরিয়ে দিতে বাধ্য করেন।তারা বলেন মাতৃভাষার অধিকার রক্ষার্থে যারা বিভিন্ন দেশে প্রাণ দিয়েছেন তাদের চেতনা ছিল অসাম্প্রদায়িক। তারা জাতি-ধর্ম-ভাষা-বর্ণের উর্দ্ধে উঠে লড়াই করেছিলেন। অথচ আজ সরকারের প্রত্যক্ষ মদতে চলছে বিভিন্ন দেশে ধর্ম, বর্ণ, ভাষাকে কেন্দ্র করে জনগণকে বিভক্ত করার কু চক্রান্ত। আমাদের রাজ্যেও সরকার এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

তারা বলেন, উগ্ৰ- প্রাদেশিকতাবাদী শক্তির মদতে রাজ্য সরকার মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে , শিক্ষা , স্বাস্থ্য, কর্মসংস্থানের সুযোগ খর্ব করছে। তাই এর বিরুদ্ধে আন্দোলন যাতে গড়ে উঠতে পারে না তাই চক্রান্ত করে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়েছে। আজকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি চরিতার্থ করতে একটার পর একটা আক্রমণ হানছে বর্তমান শাসক শ্রেণী। তারা ২১ শে ফেব্রুয়ারি, ১৯ শে মে, ২১ শে জুলাইয়ের মাতৃভাষা মর্যাদা রক্ষা আন্দোলনের শহিদদের চেতনা, সংগ্ৰামকে পাথেয় করে সবাইকে এই স্বৈরাচারী জনবিরোধী সাম্প্রদায়িক আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দুর্বার গণআন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।

অন্যদিকে, স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমন্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির পক্ষ থেকে আজ ২১শে ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় শম্ভু সাগর পার্কের স্থায়ী শহিদ বেদীতে বাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির পক্ষে অরুণাংশু ভট্টাচার্য, সুদীপ্তা দে চৌধুরী, তুষার পুরকায়স্থ, দেবব্রত শুক্ল, তুষার দাস, পিকলু দে, সুজিৎ কুমার পাল প্রমুখ।



