দিনদুপুরে বরপেটা রোডের সেনকো জুয়েলারি শোরুম থেকে ১২ কোটির গয়না লুট

Spread the news

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : বরপেটা রোডে দিনদুপুরে সেনকো জুয়েলারি শোরুম থেকে প্রায় ১২ কোটি টাকার গয়না লুট করল ডাকাতদল। বরপেটা রোডে অন্য দিনের মতো সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করেই বরপেটা রোডের সেনকো নামের একটি জুয়েলারি শোরুমে প্রবেশ করে ৫ জন দুষ্কৃতী। তাদের মুখ ঢাকা ছিল। কেউ হেলমেট, কেউ মাস্ক পরে এসেছিল। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনদুপুরে বরপেটা রোডের ব্যস্ত এলাকায় সংঘটিত হয় এক চাঞ্চল্যকর ডাকাতি। সেনকো শোরুমে সংঘটিত এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে সবাই। দিনের বেলায় অস্ত্রধারী পাঁচ সদস্যের ডাকাত দল শোরুমে প্রবেশ করে কর্মচারীদের জিম্মি করে লুটপাট চালায়।

জানা গেছে, কর্মচারীদের হাত বেঁধে মাথায় পিস্তল ঠেকিয়ে প্রায় ১২ কোটি টাকার সোনা, রূপা ও হীরার অলংকার লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। শুধু অলংকারই নয়, নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকাও লুট করে তারা।

ডাকাতরা হিন্দিভাষী ছিল এবং মাস্ক ও হেলমেট পরে এসেছিল। তারা শোরুমের কর্মচারীদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং শোরুমের ম্যানেজারকে মারধর করে। শুধু তাই নয়, শোরুমের সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও ভেঙে নিয়ে যায় তারা।

শোরুমের এক কর্মচারী জানান, “ডাকাতরা প্রথমে গেটম্যানকে পিস্তল দেখিয়ে ভেতরে নিয়ে আসে এবং আমাদের বাইরে যেতে দেয়নি। আমাদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলে তাকে গুলি করার হুমকি দেয়। আমাদের হাত-পা দড়ি দিয়ে বেঁধে মুখ প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় এবং বলে, ‘কিছু করলে গুলি করে দেব।’ মোট ৫ জন ডাকাত ছিল এবং তাদের কাছে ৬টি পিস্তল ছিল। কেউ সবুজ পায়জামা, কেউ জিন্স ও শার্ট, আবার কেউ হেলমেট ও চশমা পরে এসেছিল। তারা আমাদের মানিব্যাগ পর্যন্ত নিয়ে গেছে।”

অন্য এক মহিলা কর্মচারী জানান, “প্রথমেই তারা আমাদের মোবাইল কেড়ে নেয়। হাত বেঁধে কথা বলতে নিষেধ করে। এরপর সোনা ও টাকা নিয়ে যায়। সিসিটিভির হার্ড ডিস্কও ভেঙে নিয়ে গেছে।”

এদিকে, ঘটনার পর বরপেটা পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের তদন্তের পরই এই চাঞ্চল্যকর ডাকাতির পেছনে কারা জড়িত, তা স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *