মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : ভক্তি, ভাবগাম্ভীর্য আর আধ্যাত্মিক আবহে মুখরিত হয়ে উঠল পাথারকান্দি। সর্বধর্ম সমন্বয়ের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনভর নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে ১৯১তম জন্ম মহোৎসব উদ্যাপন করা হলো শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের। আয়োজনে ছিল পাথারকান্দি রামকৃষ্ণ সেবা সমিতি।এই উপলক্ষে বৃহস্পতিবার পাথারকান্দি টাউন কালীবাড়ি প্রাঙ্গণে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মন্দির প্রাঙ্গণ জুড়ে ছিল ভক্তিমূলক সঙ্গীত, ধূপ-ধুনোর সুবাস এবং ধর্মীয় আবহের এক অপূর্ব সমাহার।সকালবেলা কালীবাড়ির স্থায়ী পুরোহিত অলক চক্রবর্তীর বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মাঙ্গলিক কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে ছিল বেদমন্ত্র পাঠ, শ্রীশ্রী ঠাকুরের বিশেষ পূজাপাঠ, অঞ্জলি প্রদান ও ধর্মীয় আলোচনা সভা। দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে শুরু হয় বিশেষ আরতি ও ‘কথামৃত’ পাঠ, যা উপস্থিত ভক্তদের মধ্যে গভীর আধ্যাত্মিক আবেশ সৃষ্টি করে। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গত ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ-এর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রতিযোগিতার ‘ক’ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের সম্রাট সিনহা, হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের সৃজিতা সেন এবং দীপশিখা রায়।অন্যদিকে ‘খ’ বিভাগে প্রথম হন মডেল উচ্চতর বিদ্যালয়ের নবনীতা দেব, দ্বিতীয় মর্ডান ইংলিশ স্কুলের সৌরভ দাস এবং তৃতীয় হন হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের গৌরব রায়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের হাত দিয়ে বিজয়ীদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজে মানবধর্ম, ভ্রাতৃত্ববোধ ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।



