বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে প্রৌঢ়ের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : রমজানের প্রথম দিনেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে রাতাবাড়ি থানাধীন তারপিনছড়া চা-বাগান এলাকায়। মৃতের নাম আব্দুল সামাদ (৬৫)। জানা যায়, বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ আব্দুল সামাদ নিজের বাড়ির পাশের ধানক্ষেতে গরু চরাতে গিয়েছিলেন। সেই সময় হঠাৎ করেই মাথার উপর দিয়ে যাওয়া একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে তাঁর ওপর এসে পড়ে। বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত চরগোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে রাতাবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিদ্যুৎ পরিবাহী তারগুলি জরাজীর্ণ অবস্থায় ছিল। একাধিকবার অভিযোগ জানানো হলেও বিদ্যুৎ বিভাগ কোনও মেরামতির উদ্যোগ নেয়নি। বিভাগের গাফিলতির ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। গ্রামবাসী মৃতের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *