জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : পূর্ত বিভাগের শ্রীভূমি উত্তর ও শ্রীভূমি দক্ষিণ টেরিটোরিয়্যাল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, জননিরাপত্তা এবং অবকাঠামোগত সুরক্ষা নিশ্চিত করতে জেলার ২১টি গুরুত্বপূর্ণ সেতুতে অবিলম্বে ১০ টনের বেশি ওজনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে জানানো হয়েছে, এনএইচআইডিসিএল ও অন্যান্য সংস্থার পরিকাঠামোগত উন্নয়নের বিভিন্ন কাজের জন্য মাটি ও অন্যান্য নির্মাণ সামগ্রী নিয়ে অবিরাম যান চলাচল ও নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত ওজন নিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলের ফলে সেতুগুলির লোড বেয়ারিং কম্পোনেন্ট বা ভারবহনকারী অংশে ফাটল ও ক্ষয় দেখা দিচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং সেতুর স্থায়িত্ব বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত সেতুগুলি হল কালীগঞ্জ খাগাইল রোডের কাঁকরা সেতু নম্বর ২/১, এনএইচ ৩৭ থেকে সাজপুর রোডের প্রসারপুর সেতু নম্বর ১/১, ফকিরাবাজার নিলামবাজার রোডের দাসগ্রাম সেতু নম্বর ৩/১, বালিয়া কায়স্থগ্রাম রোডের দারারপার সেতু নম্বর ৩/১, পনেরঘর মহিশাসন রোডের লঙ্গাই নদীর ওপরের সেতু নম্বর ১/১, পনেরঘর মহিশাসন সড়কের সেতু নম্বর ২/১, শ্যামাপ্রসাদপুর সড়কের সেতু নম্বর ৩/১, এলসি রোডের কাটাখাল সেতু নম্বর ২/১, এলসি রোড থেকে আয়লাবাড়ী সেতু নম্বর ২/১, আয়লাবাড়ী পিডব্লউডি রোড থেকে পলিটেকনিক সেতু নম্বর ১/১, ফকিরা বাজার নিলাম বাজার রোডের সেতু নম্বর ২১/১, বদরপুর আদরকোনা রোডের বিভিন্ন সেতু নম্বর ৫/৪, ৬/৭, ১২/১, ১৫/৪, ১৭/১, ১৭/২ ও ১৮/১। পাশাপাশি, এংলারবাজার থেকে দত্তপুর সেতু নম্বর ২/১ ও ৫/১, মর্জাতকান্দি থেকে ঘোড়ামারা রোডের সেতু নম্বর ৪/১ ও ৮/১, কালিগঞ্জ চন্দ্রপুর রোডের সেতু নম্বর ৫/২, এফ এন রোড থেকে চালিয়াদি সেতু নম্বর ১/২, বনমালী ভগিছগি রোডের সেতু নম্বর ৩/১, বারইগ্রাম পেচারপার রোডের ইছাগঞ্জে সেতু নম্বর ৩/২। এছাড়া গান্ধাইতে এফ এন রোডের সেতু, টুকের বাজারের সেতু ও বসলা থেকে বশিরগ্রাম সেতু নম্বর ১/১।
এতে সংশ্লিষ্ট পরিবহন সংস্থা, ঠিকাদার এবং এনফোর্সমেন্ট এজেন্সিগুলিকে এই বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সেতুগুলির দুই প্রান্তে লোড লিমিট নির্দেশক সতর্কীকরণ বোর্ড স্থাপন করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। জননিরাপত্তার স্বার্থে নেওয়া এই পদক্ষেপে পূর্ত বিভাগ থেকে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।



