ভুবনতীর্থ থেকে আর বাড়ি ফেরা হল না সঞ্জয়ের, শোকস্তব্ধ রাঙ্গিরখাড়ি

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : তীর্থদর্শনে গিয়েও আর বাড়ি ফেরা হল না রাঙ্গিরখাড়ির বাসিন্দা সঞ্জয় লোধার। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈব তীর্থস্থান ভুবনতীর্থে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারান তিনি। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র রাঙ্গিরখাড়ি এলাকায়।

জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি বেলা ২-২০ মিনিট নাগাদ ভুবন তীর্থে অবস্থানকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সঞ্জয় লোধা। হঠাৎ এই ঘটনায় উপস্থিত ভক্ত ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন।

তবে পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় মাঝপথেই বিকল হয়ে পড়ে অ্যাম্বুলেন্সটি, ফলে পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে ওঠে। পরে দ্রুত মেডিকেল টিম, পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে স্ট্রেচারে করে নিচে নামান এবং বিকল্প ব্যবস্থায় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতির আশায় পরিবার ও শুভানুধ্যায়ীরা প্রার্থনা চালিয়ে যান। কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ১৬ ফেব্রুয়ারি রাত ১টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনাকে ঘিরে রাজ্যে ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার পরিকাঠামো ও কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ, বহু অ্যাম্বুলেন্সই পুরনো এবং যান্ত্রিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় জরুরি মুহূর্তে বিকল হয়ে পড়ছে, যা রোগীর জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
সঞ্জয় লোধার অকালপ্রয়াণে পরিবার, আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *