বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা-র উদ্যোগে পঞ্চম বারের মতো আয়োজিত মঞ্জু সোম ও অজিতকুমার সোম স্মৃতি গ্রামীণ প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে হাইলাকান্দি ভলিবল অ্যাকাডেমি।
প্রতিযোগিতার প্রথম পর্যায়ের খেলাগুলি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার পর লিগ পর্যায়ের খেলায় তিনটি দল পৌঁছে। হাইলাকান্দি ভলিবল অ্যাকাডেমি, কাজিডর ভলিবল অ্যাকাডেমি এবং শ্রীকোণা ভলিবল অ্যাকাডেমি। ফাইনালে মুখোমুখি হয় শ্রীকোণা ও হাইলাকান্দি ভলিবল অ্যাকাডেমি। বেস্ট অব থ্রি ফরম্যাটে অনুষ্ঠিত ম্যাচে হাইলাকান্দি দল ২১–১৩ এবং ২১–১২ সেটে জয়লাভ করে প্রতিযোগিতার শিরোপা নিজেদের দখলে নেয়।
চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ৫ হাজার টাকা, সাতটি জার্সি, একটি ভলিবল, সার্টিফিকেট এবং ট্রফি তুলে দেন প্রয়াত অজিতকুমার সোম ও মঞ্জু সোমের পুত্র সুরজিৎ সোম। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর, সোনাই পুর কমিশনার দিপু দাস, রামকৃষ্ণ নাথ এবং বদর উদ্দিন মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অন্যদিকে, রানার্সআপ শ্রীকোণা ভলিবল অ্যাকাডেমির হাতে নগদ আড়াই হাজার টাকা, একটি ভলিবল, রানার্স কাপ ও সার্টিফিকেট তুলে দেন গৌতম পাল, অতীতেশ দেব, সালে আহমেদ লস্কর এবং জলিল আহমেদ লস্কর।

খেলা শেষে বক্তব্য রাখতে গিয়ে সুরজিৎ সোম জানান, পাঁচ বছর ধরে খেলাধুলার বিকাশে তিনি যেভাবে সহযোগিতা করে আসছেন, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। তিনি তাঁর মা-বাবার স্মৃতিতে খেলাধুলা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর বলেন, গ্রামের খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে একটি নেশামুক্ত সমাজ গড়ে তোলার স্বপ্ন নিয়ে সংস্থা কাজ করে যাচ্ছে। তিনি সকল খেলোয়াড়কে ভালোভাবে অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও সংস্থার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ফাইনাল খেলাটি রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত হলেও মাঠে দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আয়োজকরা জানান, আগামীতেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে এবং খেলাধুলার বিকাশে সকলের সহযোগিতা কামনা করেন।



