ভাঙ্গায় যাত্রা শুরু ‘সহচরী’র, সমবায়ের নতুন দিগন্তর উন্মোচন : সুব্রত দেব

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জের ঐতিহ্যবাহী ভাঙ্গা বাজার আজ প্রত্যক্ষ করল এক নতুন সম্ভাবনার সূচনা। এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ‘সহচরী’একটি সমবায়ভিত্তিক উদ্যোগ, যা ভবিষ্যতে স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত বিশিষ্টজনেরা। শ্রীভূমি জেলার সমবায় বিভাগের ডেপুটি ডিরেক্টর ড. নাসির খানের করকমলে এই নতুন উদ্যোগের উদ্বোধন সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা পাইকারি সমবায় স্টোরস্-এর চেয়ারম্যান সুব্রত দেব সহ বহু গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ‘সহচরী’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সভায় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, করিমগঞ্জ জেলা পাইকারি সমবায় স্টোরস্ দীর্ঘদিন ধরেই এলাকার অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। বিশেষ করে চেয়ারম্যান সুব্রত দেবের দূরদর্শী নেতৃত্ব, সৎ প্রশাসন ও অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করেছে। বক্তারা উল্লেখ করেন, সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই তিনটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য এসেছে।

ড. নাসির খান তাঁর ভাষণে বলেন, “সমবায় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি আন্দোলন। এই আন্দোলনের মূল শক্তি হল সাধারণ মানুষ। যুব সমাজ যদি সমবায়ের আদর্শকে ধারণ করে এগিয়ে আসে, তবে স্বনির্ভরতার পথে এক নতুন বিপ্লব সম্ভব।” তিনি আরও জানান, সরকারের বিভিন্ন সমবায়মূলক প্রকল্প ও সহায়তার সঠিক ব্যবহার করলে গ্রামের অর্থনীতি আরও সুদৃঢ় হবে এবং বেকার যুবকদের জন্য সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের দিগন্ত।

চেয়ারম্যান সুব্রত দেব তাঁর বক্তব্যে ‘সহচরী’র লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “এই উদ্যোগ শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়; এটি এলাকার মানুষের পাশে দাঁড়ানোর একটি অঙ্গীকার। আমরা চাই, স্থানীয় মানুষ ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য পান এবং একই সঙ্গে সমবায়ের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন।” তিনি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন, যাতে ‘সহচরী’ ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সাফল্যের স্বাক্ষর রাখতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানটি একপ্রকার জনসমাগমে পরিণত হয়, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে আশা প্রকাশ করেন, ‘সহচরী’ উত্তর করিমগঞ্জের ভাঙ্গা বাজারে একটি নতুন অর্থনৈতিক অধ্যায়ের সূচনা করবে এবং সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করবে।
সমবায়ের হাত ধরে স্বনির্ভরতার পথে এই যাত্রা নিঃসন্দেহে ভাঙ্গা বাজার তথা সমগ্র অঞ্চলের জন্য এক ইতিবাচক বার্তা বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *