পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারির নির্দেশ মরিগাঁও জেলা কমিশনারের

বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষা ও উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা প্রসঙ্গে শনিবার মরিগাঁও জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে জেলা কমিশনার অনামিকা তেওয়ারীর সভাপতিত্বে পরীক্ষাকেন্দ্রের তদারকি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিসি সকাল ৭-৩০টার মধ্যে তদারকি কর্মকর্তাদের নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নির্দেশ দেন। তিনি সমস্ত পরীক্ষাকেন্দ্রে কঠোর সিসিটিভি নজরদারি ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ক্যামেরাগুলি সঠিকভাবে স্থাপন ও পুরোপুরি কার্যকরী অবস্থায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি আরও বলেন , পরীক্ষাকেন্দ্রে যাতে কোনোভাবেই অভিভাবক ও অনধিকারী ব্যক্তি প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তিনি পরীক্ষার সময় কেন্দ্রগুলোতে নীরবতা বজায় রাখতে নির্দেশ দেন যাতে পরীক্ষার্থীরা কোনও প্রকার বিঘ্ন ছাড়াই পরীক্ষা দিতে পারে। সভায় মরিগাঁও জেলার পুলিশ সুপার প্রকাশ সোনোয়াল বলেন, পরীক্ষার্থীদের তল্লাশি প্রক্রিয়া পুলিশের দ্বারা সম্পন্ন হবে। তিনি কেন্দ্রের প্রধানদের পরীক্ষাকেন্দ্রের সীমানার দেওয়ালগুলি পরীক্ষা করে প্রয়োজন অনুসারে অস্থায়ী দেওয়ালের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন যাতে কোনও ছাত্রছাত্রী এর সুযোগ নিয়ে অসাধু উপায় অবলম্বন করতে না পারে। তিনি এছাড়াও বহিষ্কৃত পরীক্ষার্থীকে সময়মতো অভিভাবকের হাতে হস্তান্তর করতে এবং পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি আছে এমন সকল ব্যক্তিকে পরিচয়পত্র প্রদানের নির্দেশ দেন। অতিরিক্ত জেলা কমিশনার অনুসূয়া শর্মা বলেন, পরীক্ষা প্রক্রিয়ায় প্রশাসনের চোখ ও কান, তাই তাদের নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। বৈঠকে মরিগাঁও জেলার বিদ্যালয় পরিদর্শক ড. অপুর্ব ঠাকুরিয়া কর্মকর্তাদের জন্য প্রণীত নীতি-নির্দেশিকা সম্পর্কে অবহিত করেন।

উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষা ১০ ফেব্রুয়ারি থেকে ও উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। মরিগাঁও জেলার ২৫টি কেন্দ্রে মোট ৯,৮৬৭ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। অন্যদিকে ২৬টি কেন্দ্রে মোট ১৩,৫২৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *