মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীভূমি শহরে শুরু হতে চলেছে লোকসংস্কৃতি মঞ্চের লোকসংস্কৃতি সম্মেলন ও লোকউৎসব। এ উপলক্ষে শনিবার সকালে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ৮টায় বিবেকানন্দ কলেজ অব এডুকেশন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার সূচনা করবেন উত্তর করিমগঞ্জ সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। একইসঙ্গে লোকসংস্কৃতি মঞ্চের পতাকা উত্তোলন করবেন মঞ্চের সভাপতি সুবীর বরণ রায়। এ কাজে সহযোগিতা করবেন অভ্যর্থনা সমিতির সভাপতি জগদীশচন্দ্র বণিক। এদিন শিল্প ও সংস্কৃতি জগতের বরণ্য ব্যক্তিত্বদের নামে একাধিক মঞ্চের উদ্বোধন করা হবে। বিবেকানন্দ কলেজ অব এডুকেশন প্রাঙ্গণে রঞ্জিত কুমার পুরকায়স্থ স্মৃতি মঞ্চ (মুক্তমঞ্চ) উদ্বোধন করবেন করিমগঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড. রাধিকারঞ্জন চক্রবর্তী। বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন প্রেক্ষাগৃহে ধীরেন্দ্র লাল রায় স্মৃতি মঞ্চ উদ্বোধন করবেন করিমগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তী। একই ভবনে করুণা শঙ্কর ভট্টাচার্য স্মৃতি সাহিত্য ও আলোচনা সভা মঞ্চের উদ্বোধন করবেন রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সব্যসাচী রায়।
শনিবার সকাল ১১টায় লোকসংস্কৃতিমূলক অনুষ্ঠানের অংশ হিসেবে শিশু মেলা ও লোকগানের আসর অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় প্রদর্শনী ও লোকমেলার উদ্বোধন করবেন নবীনচন্দ্র কলেজ, বদরপুরের অধ্যক্ষ ড. পার্থসারথি দাস। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় লোকসংস্কৃতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
৮ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১০টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলবে লোকসংস্কৃতিমূলক অনুষ্ঠান। দুপুর ১২টায় প্রকাশ্য অধিবেশন ও স্মরণিকার উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন মন্ত্রী কৌশিক রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন সাংসদ মিশনরঞ্জন দাস, সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও বিধায়ক বিজয় মালাকার। স্মরণিকা উদ্বোধন করবেন শ্রীভূমি লোকসংস্কৃতি মঞ্চের প্রাক্তন সভাপতি ড. সুধাংশু শেখর দত্ত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. বিশ্বতোষ চৌধুরী। এদিন বিকাল ৫টা থেকে রাত ৭টা ৩০ মিনিট পর্যন্ত লোকসংস্কৃতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং রাত ৮টায় কলকাতার আমন্ত্রিত শিল্পী অমিত গুহ সংগীত পরিবেশন করবেন। এছাড়া ৭ ফেব্রুয়ারি, শনিবার রাতে বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন প্রেক্ষাগৃহের ধীরেন্দ্র লাল রায় স্মৃতি মঞ্চে কলকাতার শিল্পী বাবুল সাঁইয়ের পরিবেশনা অনুষ্ঠিত হবে। দু’দিনব্যাপী এই লোকউৎসবকে সফল করে তুলতে সকল সংস্কৃতিপ্রেমী মানুষের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন উৎসবের সম্পাদক অরূপ রতন।



