সোনাইয়ে এক দিবসীয় পরিবেশ প্রশিক্ষণ কর্মশালা

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সহায়তায়, অসম বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ পরিষদ এবং অসম সরকারের বিজ্ঞান প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় সোনাই যুবতী মণিপুরি হাইস্কুল প্রাঙ্গণে এক দিবসীয় পরিবেশ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়।

পরিবেশ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আয়োজিত এই কর্মশালায় পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ প্রতিরোধ ও টেকসই উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালার মূল লক্ষ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান। কর্মশালায় বিশেষভাবে জেলা স্তরের রিসোর্স পার্সনদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণের অন্যতম আকর্ষণ ছিল ব্যবহৃত কাগজের উর্ধ্বচক্র পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব কলম প্রস্তুতের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা সরাসরি ব্যবহৃত কাগজ থেকে কলম তৈরি প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং নিজেরাই তা তৈরি করে দেখার সুযোগ পান। এই উদ্যোগের মাধ্যমে বর্জ্যকে কীভাবে সম্পদে রূপান্তর করা যায়, সে বিষয়ে একটি বাস্তব ও কার্যকর বার্তা প্রদান করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয় এবং দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ কেবল সরকারের দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন সোনাই ব্লক ইন্সপেক্টর অব এডুকেশন নন্দিতা মুখার্জী, বি.আর.পি. এস. এম. ফিরোজ লস্কর, বি.আর.পি. সাবিনা সুলতানা মজুমদার, বি.আর.পি. বাহারুল ইসলাম বড়ভূইয়া প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালার সার্বিক দায়িত্বে ছিলেন আলতাফ হোসেন বড়ভূইয়া। অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে অতিথিরা বলেন, বর্তমান সময়ে পরিবেশ দূষণ একটি ভয়াবহ বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। প্রতিদিন বিপুল পরিমাণ কাগজ ও অন্যান্য বর্জ্য ফেলে দেওয়া হচ্ছে, যা সঠিকভাবে পুনর্ব্যবহার করা গেলে পরিবেশ রক্ষা করার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে। এই ধরনের পরিবেশ সচেতনতামূলক কর্মশালা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। বিআরপি সাবিনা সুলতানা মজুমদার তাঁর বক্তব্যে বলেন, “ব্যবহৃত কাগজ দিয়েও যে কার্যকর ও উপযোগী জিনিস তৈরি করা যায়, তা আজকের এই কর্মশালায় হাতে-কলমে দেখানো হয়েছে। কাগজ দিয়ে কলম তৈরি করা ছাড়াও ওয়েস্ট ম্যাটেরিয়াল ব্যবহার করে ডাস্টবিন ও অন্যান্য সুন্দর ও প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা সম্ভব।”

তিনি আরও বলেন, বর্জ্যকে সম্পদে রূপান্তর করাই পরিবেশ রক্ষার অন্যতম শ্রেষ্ঠ উপায়। অনুষ্ঠান শেষে সার্টিফিকেট প্রদান করা হয় এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয় কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রশিক্ষণে অংশ নেন এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করে পরিবেশবান্ধব কলম ও অন্যান্য উপকরণ তৈরির প্রক্রিয়া সরাসরি প্রত্যক্ষ করেন। উপস্থিত সবাই এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আরও বেশি সংখ্যক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *