৫ ফেব্রুয়ারি : পশ্চিম নাইজেরিয়ার কোয়ারা অঙ্গরাজ্যের দুটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। চলতি বছরে দেশটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। হামলার পর স্থানীয় ঐতিহ্যবাহী রাজাসহ কয়েকজনের খোঁজ মেলেনি।
বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হামলাটি মঙ্গলবার কোয়ারা রাজ্যের ওরো ও নুকু গ্রামে সংঘটিত হয়। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ওমর বিও বার্তা সংস্থা এপিকে জানান, বুধবার বিকেল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে পৌঁছেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইসলামিক স্টেট–সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী লাকুরাওয়া এই হামলার সঙ্গে জড়িত। তবে এখনো কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।
কাইয়ামা অঞ্চলের রাজনীতিক সাইদু বাবা আহমেদ জানান, হামলাকারীরা গ্রামবাসীদের জড়ো করে হাত পেছনে বেঁধে হত্যা করে। তারা ঘরবাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগও করে। আহত অনেকেই প্রাণ বাঁচাতে আশপাশের জঙ্গলে পালিয়ে যান। এখনও বহু মানুষ নিখোঁজ।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, হামলাকারীরা নিজেদের জিহাদি গোষ্ঠীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে গ্রামবাসীদের ওপর শরিয়াহ আইন মানার চাপ সৃষ্টি করছিল। নাইজেরীয় রাষ্ট্রের প্রতি আনুগত্য ত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করায় ধর্মীয় সমাবেশ চলাকালে হামলা চালানো হয়।



