শিশুশ্রমিক মুক্ত মরিগাঁও জেলা গড়ে তোলা জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বিষয় : অনামিকা তেওয়ারি

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে বুধবার জেলা শিশু কল্যাণ ও সুরক্ষা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অনামিকা তেওয়ারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিশু সুরক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। আজকের সভায় জেলা কমিশনার জেলাটিকে শিশুশ্রমমুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি শিশু ও কিশোর-কিশোরীদের গৃহকর্মী হিসেবে নিয়োগের প্রবণতা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং এটি জেলা প্রশাসনের অগ্রাধিকারের বিষয় বলে মত প্রকাশ করেন। তিনি বলেন, এই ক্ষেত্রে গ্রাম ও উন্নয়ন খণ্ড পর্যায়ের শিশু সুরক্ষা কমিটিগুলোকে অগ্রণী ভূমিকা নিতে হবে। কমিটিগুলো নিজ নিজ এলাকায় গৃহকর্মী হিসেবে শিশুশ্রম নেই তা নিশ্চিত করার পর সংশ্লিষ্ট এলাকাকে শিশুশ্রমমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হবে।

তিনি মরিগাঁও জেলার ইচ্ছুক ও যোগ্য দম্পতিদের প্রতিপালিত যত্ন ব্যবস্থার আওতায় শিশু গৃহে থাকা ছয় বছরের বেশি বয়সী ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুকে নিজের সঙ্গে রেখে উপযুক্ত যত্ন নেওয়ার আহ্বান জানান। এভাবে দু’বছর যত্ন ও সুরক্ষায় রাখা শিশুটিকে সেই ব্যক্তি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দত্তক নিতে পারবেন বলে তিনি জানান। মরিগাঁও জেলায় অবস্থিত শিশু আশ্রয় গৃহটিতে শিশুদের জন্য খেলাধুলা ও শারীরিক ব্যায়াম ইত্যাদির ব্যবস্থা করার পাশাপাশি প্রতি মাসে স্বাস্থ্য শিবিরের আয়োজন করার নির্দেশ দেন। সভায় সহকারী জেলা কমিশনার ও ভারপ্রাপ্ত জেলা শিশু সুরক্ষা আধিকারিক কঙ্কনজ্যোতি শইকিয়া অপরাধমূলক ঘটনা সংঘটিত করা শিশু-কিশোরদের রাখার জন্য জেলায় একটি পর্যবেক্ষণ গৃহ নির্মাণ এবং কন্যাশিশুদের আশ্রয় গৃহ নির্মাণের বিষয়টি পুনরায় উত্থাপন করেন। তিনি জেলা কমিশনারকে অবহিত করেন যে, জেলায় শিশুর বিরুদ্ধে অপরাধ ও শিশুশ্রমের বিরুদ্ধে ব্যাপকভাবে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে আসছে। সভায় জেলা আইন সেবা প্রাধিকরণের সম্পাদক পাঞ্চালী শ্যাম শিশু সুরক্ষার সঙ্গে জড়িত বিভিন্ন দিক উপস্থাপন করেন। আজকের সভায় জেলার শিশু কল্যাণ কমিটির নবনিযুক্ত সভাপতি স্বপ্না দাসও নিজের বক্তব্য পেশ করেন। সভায় জেলা শিশু সুরক্ষা ইউনিটের আইনি ও প্রবেশন আধিকারিক নমিতা দেবী পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে জেলা শিশু সুরক্ষা ইউনিটের কার্যক্রমগুলো বর্ণনা করেন। সভায় উপ-পুলিশ সুপার প্রীতম শইকিয়া, স্বাস্থ্য পরিষেবার যুগ্ম পরিচালক ডাঃ অরুণ নাথ এবং বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *