মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : মঙ্গলবার ভোর থেকেই যেন অন্যরকম এক আবহ ছড়িয়ে পড়ে শ্রীভূমি জেলার চেরাগী- আছিমগঞ্জের মৈনায়। ফজরের আজানের ধ্বনি, কোরান তিলাওয়াতের সুমধুর সুর আর হাজারো ধর্মপ্রাণ মানুষের পদচারণায় অসম-ত্রিপুরা আট নং জাতীয় সড়কের পূর্ব প্রান্তের বিস্তীর্ণ খেতের মাঠটি রূপ নেয় এক অনন্য আধ্যাত্মিক প্রাঙ্গণে। আছিমগঞ্জ ও চেরাগির মধ্যবর্তী এলাকায়, জাতীয় সড়কের পূর্ব পার্শ্বে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত তিন দিবসীয় বরাক ভ্যালি ইজতেমা ইমান, ইখলাস ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলন। এই প্রথমবারের মতো শ্রীভূমি জেলায় উক্ত এলাকায় আয়োজিত বরাক ভ্যালি ইজতেমা শুধু একটি ধর্মীয় সমাবেশ নয়, বরং এটি হাজারো মানুষের আত্মিক পরিশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক সাধনার ক্ষেত্র হয়ে উঠেছে। বরাক উপত্যকার তিন জেলা কাচার হাইলাকান্দি শ্রীভুমি সহ পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের অসংখ্য ইসলাম ধর্মালম্বীরা দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের আগমনে মৈনার প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে এক উৎসবমুখর অথচ গভীর ভাবগম্ভীর পরিবেশ।
নিষ্ঠার সঙ্গে কাজ করছেন প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুরু হয়েছে বয়ান ও দোয়ার পর্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামিক পণ্ডিতগণ কোরান ও হাদিসের আলোকে মানবিকতা, নৈতিকতা, আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও শান্তির বাণী তুলে ধরছেন। তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন হাজারো মানুষ চোখে জল, অন্তরে প্রশান্তি। আয়োজকদের মতে, বরাক ভ্যালি ইজতেমা মানুষকে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির পথে আহ্বান জানায়। মোনাজাতের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার এই তিন দিবসীয় বরাক ভ্যালি ইজতেমার পরিসমাপ্তি ঘটবে।



