বেলগ্রেডের রাজপথে দেড় লাখ মানুষের ঢল, উত্তাল সার্বিয়ার রাজনীতি

Spread the news

২৩ অক্টোবর: সার্বিয়ার আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী বেলগ্রেডে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। সরকারবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় স্লাভিজা স্কয়ারে আয়োজিত বিশাল সমাবেশে প্রায় দেড় লাখ মানুষ অংশ নেন। স্বাধীন জনসমাগম পর্যবেক্ষণকারী সংস্থা আর্কাইভ অব পাবলিক গ্যাদারিংস এই তথ্য জানিয়েছে।

আগামী রোববারের নির্বাচনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস)-কে পরাজিত করার লক্ষ্যে নির্বাচনী ময়দানে নেমেছে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন জোট ‘স্টুডেন্ট লিস্ট’। ২০১২ সাল থেকে ক্ষমতাসীন দলটির শাসনের অবসান ঘটিয়ে দেশের রাজনীতিতে পরিবর্তন আনাই তাদের প্রধান লক্ষ্য।

শিক্ষার্থী, তরুণ সমাজ, শিক্ষাবিদ এবং প্রচলিত রাজনীতির বাইরে থাকা বিভিন্ন ব্যক্তিকে নিয়ে গঠিত এই জোট দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে বেলগ্রেডের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসেন শিক্ষার্থী ও তাঁদের সমর্থকেরা। ‘ছাত্ররাই জিতছে’ লেখা পতাকা হাতে নিয়ে তাঁরা স্লোগান দেন, বাঁশি বাজান এবং শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্লাভিজা স্কয়ারে জড়ো হন। বিপুল মানুষের উপস্থিতিতে স্কয়ারসহ আশপাশের সড়কগুলোও জনাকীর্ণ হয়ে ওঠে।

সমাবেশে অংশ নেওয়া ৪৭ বছর বয়সী মারিয়া নেদেলকোভিচ রাডিচ বলেন, তরুণ প্রজন্ম তাঁকে এমন একটি দেশে বসবাসের স্বপ্ন দেখাচ্ছে, যেখানে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। ছাত্র আন্দোলনের কারণে জীবনে প্রথমবারের মতো তিনি বিশ্বাস করতে পারছেন যে সার্বিয়ায় সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব।

সমাবেশে বক্তব্য দেন ‘স্টুডেন্ট লিস্ট’-এর ২৫০ জন প্রার্থীর একজন এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুগোস্লাভ গাসিচ। তিনি বলেন, গত ১৪ বছরের অপমান, বিশৃঙ্খলা ও বিশ্বাসঘাতকতার অবসান ঘটাতে চান তাঁরা। ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থের পরিবর্তে মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

গাসিচের বক্তব্যের পর সমাবেশে উপস্থিত জনতা ‘বিজয়, বিজয়’ স্লোগানে মুখর হয়ে ওঠেন। বিপুল জনসমাগমের এই কর্মসূচি সার্বিয়ার আসন্ন নির্বাচনকে ঘিরে সরকারবিরোধী আন্দোলনের শক্তি ও পরিবর্তনের আকাঙ্ক্ষারই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *