দুর্গোৎসবে জনসংযোগে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রবিবার মহাসপ্তমীর পুণ্যলগ্নে নিজের নির্বাচনী কেন্দ্র পাথারকান্দির বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মিলিত হয়ে তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন তিনি।

এদিন বাজারিছড়ায় উপস্থিত হয়ে জগজ্জননী মা দুর্গার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে দেবীর আশীর্বাদ প্রার্থনার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য বিনিময় ও কুশল বিনিময়ে অংশ নেন তিনি। মন্ত্রীর উপস্থিতিতে পুজো মণ্ডপে উৎসবের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এদিন মা দুর্গার চরণে প্রার্থনা জানিয়ে কৃষ্ণেন্দু পাল সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ কামনা করেন। মা দুর্গার অশেষ কৃপায় পাথারকান্দি-সহ সমগ্র বরাক উপত্যকার প্রতিটি পরিবারে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক, সেই প্রার্থনাও জানান তিনি। পাশাপাশি শারদীয় উৎসবের পবিত্র আবহে মানুষের মধ্যে আত্মিক বন্ধন আরও দৃঢ় হওয়ার পাশাপাশি সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় থাকার কামনা করেন।

এছাড়াও এদিন দুর্গোৎসব উপলক্ষে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বারইগ্রামে বিদ্যুৎ পালের বাসভবনে উপস্থিত হন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সেখানে বাড়ির পুজোয় অংশ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের সঙ্গে শারদীয় উৎসবের আনন্দ ভাগ করে নেন। এ সময় তিনি মা দুর্গার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভক্তিভরে প্রার্থনা জানান। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *