লক্ষ্মীনাথ বেজবরুয়ার জন্মবার্ষিকীতে এআইডিএসও-র শ্রদ্ধাঞ্জলি, অসমজুড়ে নানা কর্মসূচি

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : অসমিয়া সাহিত্যের অন্যতম পথিকৃৎ সাহিত্যিক লক্ষ্মীনাথ বেজবরুয়ার জন্মবার্ষিকী উপলক্ষে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-র অসম রাজ্য কাউন্সিলের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় পুষ্পার্ঘ্য নিবেদন ও আলোচনা সভা।

এদিন নগাঁও শহরে অসম সাহিত্য সভার কার্যালয়ের সামনে লক্ষ্মীনাথ বেজবরুয়ার মূর্তির পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এআইডিএসও-র অসম রাজ্য সম্পাদক হেমন্ত পেগু, যুগ্ম সম্পাদক কুশল পেগু, নগাঁও জেলা সাংগঠনিক কমিটির ইনচার্জ হিমাশ্রী শর্মা, এআইএমএসএস-এর রাজ্য সম্পাদিকা বর্ণালী শর্মা, অধ্যাপক আব্দুল সবুর, ড. দেবেন মুক্তিয়ার-সহ নগাঁওয়ের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অন্যদিকে, এআইডিএসও-র গুয়াহাটি জেলা কমিটির উদ্যোগে সকালে আমবাড়ি হাইস্কুল ও দক্ষিণগাঁও হাইস্কুলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে বিকেলে ভগত সিং লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল ভট্টাচার্য। তিনি লক্ষ্মীনাথ বেজবরুয়ার জীবন, সাহিত্যকর্ম এবং অসমীয়া সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সংগঠনের রাজ্য কাউন্সিলের আহ্বানে যোরহাট, লখিমপুর, তেজপুর, নলবাড়ি, দক্ষিণ শালমারা-মানকাচর, হাইলাকান্দি, মাজুলি-সহ অসমের বিভিন্ন স্থানেও সাহিত্যিকের জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিগুলির মধ্য দিয়ে অসমীয়া সাহিত্য ও সংস্কৃতির বিকাশে লক্ষ্মীনাথ বেজবরুয়ার অবদানকে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যকীর্তি তুলে ধরার উদ্যোগ নেয় সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *