হাইলাকান্দি জেলা জুড়ে রেশম অভিযান অব্যাহত

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলাজুড়ে রেশম চাষের প্রসার ও বৈজ্ঞানিক পদ্ধতিতে এরি ও মুগা রেশমকীট পালনের বিষয়ে কৃষকদের সচেতন করতে ‘মেরা রেশম, মেরা অভিমান’ কর্মসূচির আওতায় ধারাবাহিক সচেতনতা অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদিতে কৃষক-বিজ্ঞানী মতবিনিময় ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় রেশম পর্ষদের সিএসবি-সিএমইআরটিআই-এর বিজ্ঞানী-ডি ড. মোহাম্মদ মুজেরুদ্দিন বেগের পরিচালনায় এবং হাইলাকান্দি রেশম বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক কৃষক ও সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে এরি ও মুগা রেশমকীট পালন, পোষক গাছের উন্নত ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখা, রোগ প্রতিরোধ এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের বিষয়ে কৃষকদের সচেতন করা হয়। এসব পদ্ধতি অনুসরণের মাধ্যমে রেশমকীটের বেঁচে থাকার হার, গুটি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে জগদীশ শর্মা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নত প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করে রেশম চাষকে আরও লাভজনক ও টেকসই জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এদিন মুগা ও এরি রেশমকীট পালনের জন্য যথাক্রমে সোম ও কেসেরু পোষক গাছের চারা অগ্রণী কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে পোষক গাছের বাগান গড়ে তোলা এবং রেশম চাষের ভিত্তি আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘মেরা রেশম, মেরা অভিমান’ কর্মসূচির মাধ্যমে বিজ্ঞানী, রেশম বিভাগ এবং কৃষকদের মধ্যে সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করে উন্নত রেশম প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার পাশাপাশি হাইলাকান্দিতে রেশমভিত্তিক জীবিকা সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *