রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে উদ্ধার ১৭ কোটি টাকার জাল নোট, গ্রেপ্তার ম্যানেজার

Spread the news

১০ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের সাহারানপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পিএনবির কারেন্সি চেস্ট থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ জাল নোট। তদন্তে প্রায় ১৭ কোটি ২৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযানে ওই কারেন্সি চেস্টের দায়িত্বে থাকা ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সাহারানপুরের সোফিয়া মার্কেট এলাকার ওই ব্যাঙ্ক শাখায় এত বিপুল পরিমাণ জাল নোট কীভাবে পৌঁছল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, জাল নোটের এই কারবারে ব্যাংকের একাধিক আধিকারিকের যোগ থাকতে পারে। ধৃত ম্যানেজার ছাড়াও ব্যাঙ্কের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার রবিকুমার কাঁসওয়াল এবং আরও এক আধিকারিককে জিজ্ঞাসাবাদ ও তদন্তের আওতায় রাখা হয়েছে। ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ তিন আধিকারিককেই সাসপেন্ড করেছে।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এই জাল নোটের কারবারের সঙ্গে নেপাল-যোগ থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। নেপাল সীমান্ত অথবা নেপালকে কেন্দ্র করে কোনও চক্র জাল নোটের ব্যবসা চালিয়ে যাচ্ছে কি না, সে বিষয়ে কিছু নির্দিষ্ট তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলে জানা গিয়েছে।

ঘটনার নেপথ্যে থাকা গোটা চক্রের সন্ধানে তদন্ত চালাচ্ছে এনআইএ। ব্যাংকের ভিতরে জাল নোট কীভাবে ঢুকল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানার পাশাপাশি জাল নোটের উৎস ও সরবরাহ-শৃঙ্খলও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *