ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫,  নিখোঁজ ৮৭

Spread the news

১০ সেপ্টেম্বর : ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র করনের কাছে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এখনও ৮৭ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। দুর্ঘটনার পর উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। পাশাপাশি কীভাবে ফেরিটিতে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে এম/ভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। আগুনে ফেরিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার পর ফেরিটিতে আগুন জ্বলতে থাকা ও পুড়ে যাওয়ার দৃশ্যের ভিডিও প্রকাশ করেছে ফিলিপাইন কোস্ট গার্ড।

বিবিসি সূত্রে জানা গেছে, ম্যানিলা থেকে করনের উদ্দেশে যাত্রা করা ওই ফেরিতে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্য ছিলেন। বৃহস্পতিবার ফিলিপাইন কোস্ট গার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, যাত্রী ও ক্রু মিলিয়ে ফেরিতে মোট ১৩৪ জনের তালিকা ছিল। তাঁদের মধ্যে পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৮৭ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া ৪২ জনের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য রয়েছেন। তবে তাঁদের কেউই বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন কোস্ট গার্ডের কর্মকর্তারা। ফলে আগুন লাগার সময় ফেরিতে ঠিক কী ঘটেছিল এবং যাত্রীরা কোথায় ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। নিখোঁজদের সন্ধানে সমুদ্রে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *