বরাকবঙ্গের শহর আঞ্চলিক সমিতির নজরুল স্মরণ হাইলাকান্দিতে

Spread the news

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বরাকবঙ্গের হাইলাকান্দি শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে সোমবার সন্ধ্যায় বঙ্গভবনের নতুন মঞ্চে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ নজরুল স্মরণ অনুষ্ঠান। কবিতা, আলোচনা, নজরুলগীতি ও নৃত্যের বর্ণময় পরিবেশনায় সন্ধ্যাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।

অনুষ্ঠানের আলোচনা সভায় নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বরাক বঙ্গের কেন্দ্রীয় কার্যনির্বাহক সমিতির সহ-সভাপতি মানিক চক্রবর্তী, হাইলাকান্দি জেলা সমিতির সহ-সভাপতি সুরজিৎ দেব, শহর আঞ্চলিক সমিতির সভাপতি পূরবী মিশ্র ও সলিল পুরকায়স্থ।

আলোচনা পর্বে সলিল পুরকায়স্থের নজরুলসঙ্গীত বিষয়ক বক্তব্য বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করে। নজরুলের গানের ভাব, ভাষা, সুরবৈচিত্র্য ও অন্তর্নিহিত জীবনদর্শনের বিভিন্ন দিক তাঁর আলোচনায় নতুন আলোকে উঠে আসে। এছাড়াও কবিতা পাঠ করেন সম্পাদক রফিক উদ্দিন লস্কর, কবিতা দাস, পূর্ণিমারানি দে, সুদীপ্তা বিশ্বাস, গায়ত্রী দে প্রমুখ।

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শতাক্ষী বিশ্বাস নজরুলের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতাকে নৃত্যরূপে উপস্থাপন করেন। তাঁর পরিবেশনায় কবিতার তেজ, দ্রোহ, আবেগ ও ছন্দ যেন নৃত্যের শরীরী ভাষায় জীবন্ত হয়ে ওঠে। স্বতঃস্ফূর্ত দক্ষতা ও মুনশিয়ানায় শতাক্ষীর নৃত্যরূপায়ণ দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। একক নৃত্য পরিবেশন করেন লক্ষ্মী ডান্স অ্যাকাডেমির পুষ্পা শর্মাও।

একক নজরুলগীতি পরিবেশন করেন সুনন্দা ভট্টাচার্য, তাপসী পাল, বিপ্লব দাস, পিয়ালী ভট্টাচার্য ও সলিল পুরকায়স্থ। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন প্রাঞ্জল ভট্টাচার্য ও রাজজ্যোতি চৌধুরী। নজরুলের কালজয়ী গানের সুরে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আরও আবেগময় ও সুরমণ্ডিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাকবঙ্গের কেন্দ্রীয় কার্যনির্বাহী সমিতির সাহিত্য সম্পাদক জিতেন্দ্র নাথ, পিনাকপাণি ভট্টাচার্য, কবির মজুমদার, মিঠুলাল চৌধুরী, সঞ্চিতা চন্দ, ডাঃ সুবিনয় দেব, জেলা সাংস্কৃতিক সম্পাদক  শংকর চৌধুরী-সহ বিশিষ্টজনেরা।

নজরুলের ৫০তম প্রয়াণবার্ষিকীর এই স্মরণানুষ্ঠান কেবল একজন কবি ও শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনেই সীমাবদ্ধ থাকেনি; তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রতিবাদী চেতনাকে শিল্পের নানা মাধ্যমে নতুন করে উপলব্ধির সুযোগ করে দেয়। নতুন মঞ্চে কবিতার উচ্চারণ, নজরুলগীতির সুর ও নৃত্যের ছন্দে এদিন যেন ফিরে এসেছিলেন চিরবিদ্রোহী নজরুল—যাঁর সৃষ্টির দীপ্তি আজও সমান প্রাসঙ্গিক ও প্রাণস্পন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *