১ সেপ্টেম্বর : হরিয়ানার পালওয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ পুণ্যার্থীর। গুরুতর আহত হয়েছেন আরও ১৬ জন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ KMP (কুণ্ডলি-মানেসর-পালওয়াল) এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ২২ জন পুণ্যার্থীকে নিয়ে একটি পিকআপ ভ্যান এক্সপ্রেসওয়ের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক পুণ্যার্থীর মৃত্যু হয়। বাকি ১৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের মৈনপুরী জেলা থেকে ২২ জন তীর্থযাত্রী রাখি উপলক্ষে দেশের বিভিন্ন তীর্থক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তাঁদের অধিকাংশই কিষানপুর মুরাইয়া, চান্ডা ও মাকোয়া এলাকার বাসিন্দা। রাজস্থানের খাটু শ্যাম ও বালাজি মন্দিরে পুজো দেওয়ার পর তাঁরা বৃন্দাবনে যান। সোমবার সন্ধ্যায় সেখান থেকে মৈনপুরীর উদ্দেশে রওনা দেন তাঁরা। মঙ্গলবার ভোরে KMP এক্সপ্রেসওয়েতে ঘটে দুর্ঘটনাটি।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পরে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর থেকেই পিকআপ ভ্যানের চালক পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় চালকের তন্দ্রা এসে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ফলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি তিনি দেখতে পাননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ



