‘ভাইরাল মিনারুল’ গ্রেফতার : সনাতন ধর্ম নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, কাটিগড়ায় চাঞ্চল্য

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : সামাজিক মাধ্যমে সনাতন ধর্মের রীতি-নীতি, ধর্মীয়-সাংস্কৃতিক পরম্পরা এবং হিন্দু মহিলাদের নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে কাছাড় জেলার কাটিগড়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অভিযোগ দায়েরের প্রায় এক ঘণ্টার মধ্যেই পুলিশ মিনারুল হক ওরফে ‘ভাইরাল মিনারুল’কে গ্রেফতার করে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় বিজেপি কাটিগড়া মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে কাটিগড়া থানায় মিনারুল হকের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করা হয়। এজাহারে সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেসবুকে সনাতন ধর্ম, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং হিন্দু মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তোলা হয়।

এজাহার পাওয়ার পরই কাটিগড়া পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পুলিশের তৎপরতায় অভিযোগ ওঠার প্রায় এক ঘণ্টার মধ্যেই মিনারুল হককে গ্রেফতার করা হয়।

পুলিশের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিশেষ করে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণের জন্য কাটিগড়া থানার ওসি নব কুমার শইকিয়াকে ধন্যবাদ জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, এজাহারে উত্থাপিত অভিযোগগুলির তদন্ত অব্যাহত রয়েছে। সামাজিক মাধ্যমে করা মন্তব্যের সত্যতা, প্রেক্ষাপট এবং প্রযোজ্য আইনগুলি খতিয়ে দেখার পর আইনি বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকেও পুলিশ নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *