দুই রক্তদাতাকে সম্মাননা ও কার্যালয়ের উদ্বোধন সোনাই রেফারি অ্যাসোসিয়েশনের

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে মানবিকতার অনন্য বার্তা তুলে ধরল সোনাই রেফারি অ্যাসোসিয়েশন। শনিবার সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় দুই স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা অনুষ্ঠান। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সোনাই রেফারি অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয়। জাতীয় রেফারি আবদুল মজিদ চৌধুরী কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন এই কার্যালয়কে কেন্দ্র করে রেফারিদের সাংগঠনিক কার্যক্রম, সভা-সমাবেশ এবং ভবিষ্যৎ কর্মসূচি আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় দুই স্বেচ্ছায় রক্তদাতা রুহুল আমিন লস্কর ও আকসার আলম লস্করকে। রুহুল আমিন ৩৩ বার রক্তদান করেছেন এবং আকসার আলম ১৯ বার রক্তদানের পাশাপাশি তিনবার প্লাজমা দান করেছেন। দীর্ঘদিন ধরে তাঁদের এই নিঃস্বার্থ মানবসেবা অনুষ্ঠানে বিশেষভাবে প্রশংসিত হয়। মানুষের জীবন রক্ষায় রক্ত ও প্লাজমা দানের এই উদ্যোগ সমাজের অন্যদেরও উৎসাহিত করবে বলে মত প্রকাশ করেন উপস্থিতরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিডি কলেজের ভাইস প্রিন্সিপাল ড. আব্দুল মতিন লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রগিরি ক্লাবের সহ-সভাপতি আবেদ হাসান মজুমদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাঠে শৃঙ্খলা ও ন্যায়বোধ বজায় রাখার পাশাপাশি সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতাও পালন করা জরুরি। রক্তদানকে মানবসেবার অন্যতম মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে সকলকে প্রয়োজনে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সোনাই রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার উন্নয়নের পাশাপাশি মানবিক সেবা ও সামাজিক দায়বদ্ধতার কর্মসূচিও ভবিষ্যতে অব্যাহত থাকবে। অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসে মানবতার বার্তা—‘রক্ত দিন, জীবন বাঁচান, মানবতার পাশে দাঁড়ান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *