বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিলচর পুর নিগমের অধীন ৮৬৪ নম্বর কনকপুর এলপি স্কুলে পড়ুয়াদের মধ্যে জাতীয় পতাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে সমাজকর্মী বিপ্লব দে, বিনয় চন্দ, সন্তোষ চন্দ, সেবা বনিক ও সন্দীপ দাসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইনা বেগম রাজ বড়ভূইয়া, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সমাজকর্মীরা জানান, শিশুদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন পড়ুয়াদের হাতে জাতীয় পতাকার পাশাপাশি ফল, বিস্কুট ও কোল্ড ড্রিংকস তুলে দেওয়া হয়। সামগ্রী পেয়ে পড়ুয়াদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করে স্বাধীনতা দিবসের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যক্ষা রাইনা বেগম রাজ বড়ভূইয়া সমাজকর্মীদের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষক ও সমাজসেবীরা শিশুদের মধ্যে দেশপ্রেম এবং সামাজিক দায়বোধ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।



