বরাক তরঙ্গ, ২২ জুলাই : দুলিয়াজানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। ডাম্পার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত মহিলার নাম সোনমণি রায়। তিনি দুলিয়াজানের ডিগবইমুখ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার থেকে কেনাকাটা সেরে স্কুটিতে বাড়ি ফিরছিলেন সোনমণি রায়। সেই সময় দুলিয়াজান এলাকায় একটি ডাম্পারের সঙ্গে তাঁর স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। ডাম্পারটির চালক ও গাড়ি সম্পর্কেও তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনায় ডিগবইমুখ ও দুলিয়াজান এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



