শিলচরে সীমান্ত চেতনা মঞ্চের রাজ্য সম্মেলন ২৫ ও ২৬ জুলাই

Spread the news

বরাক তরঙ্গ, ২২ জুলাই : সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের ১১তম অসম রাজ্য বার্ষিক সম্মেলন আগামী ২৫ ও ২৬ জুলাই এনআইটি শিলচর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই প্রথম বরাক উপত্যকায় সংগঠনের রাজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বুধবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কাছাড় জেলা সভাপতি ড. দেবতোষ চক্রবর্তী এ তথ্য জানান। তিনি বলেন, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়, এনআইটি শিলচরের পরিচালক ড. দিলীপ কুমার বৈদ্য, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, সীমা জাগরণ মঞ্চের অখিল ভারতীয় সংরক্ষক এ. গোপালকৃষ্ণন এবং অখিল ভারতীয় সহ-সংযোজক প্রদীপন।

সম্মেলনে ভারত-ভুটান ও ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নয়টি জেলার প্রায় ২০০ প্রতিনিধি, পদাধিকারী ও সদস্য অংশ নেবেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অরাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা, শিক্ষা, অবকাঠামো, সামাজিক সম্প্রীতি এবং যুবসমাজের ক্ষমতায়ন নিয়ে বিস্তৃত আলোচনা হবে। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও গ্রহণ করা হবে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সীমান্ত চেতনা মঞ্চের কাছাড় জেলা সাধারণ সম্পাদক বিশ্বদীপ চক্রবর্তীসহ রাজদীপ রায়, গৌড় বিজয় গোস্বামী, বিশ্ববিজয় ভট্টাচার্য, অরূপ সুন্দর দত্ত, অনুপম দে, রত্নদীপ পাল এবং বিশ্বরূপ নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *