রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জুলাই : শিলচরে পুলিশের নেশাবিরোধী অভিযানে বড় সাফল্য মিলেছে। গোপন সূত্রের ভিত্তিতে চালানো অভিযানে শিলচরের আশ্রম রোড এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই সন্দেহভাজন পাচারকারীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সিনিয়র পুলিশ সুপারের নেতৃত্বে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ লক্ষজ্যোতি গগৈয়ের নেতৃত্বাধীন একটি দল আশ্রম রোড এলাকায় নেশাবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় একটি স্কুটি থামিয়ে তল্লাশি চালানো হলে স্কুটির ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই স্কুটিচালকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক দুই অভিযুক্তকে শিলচর সদর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নতুন তথ্য সামনে এলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।



