খোঁড়া জলভর্তি গর্তে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : হোজাই জেলার ডবকার মদারতলি গ্রামে মঙ্গলবার এক মর্মান্তিক দুর্ঘটনায় গভীর জলভর্তি গর্তে ডুবে দুই কন্যাশিশু ও এক পুত্রশিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত তিন শিশুর নাম সন্ধ্যা বড়ো, গোবিন্দ রাউতিয়া এবং পিরিতি বড়ো।

স্থানীয় সূত্রে জানা যায়, এস্কেকাভেটর মেশিন দিয়ে মাটি কাটার ফলে তৈরি হওয়া গভীর গর্তে জল জমে ছিল। ওই গর্তে স্নান করতে নেমেছিল তিন শিশু। গর্তটির গভীরতা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। জলে নামার কিছুক্ষণের মধ্যেই তারা গভীর জলে তলিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিন শিশুকে উদ্ধার করে ডবকা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের শ্রীমন্ত শংকরদেব নগর জেলা অসামরিক হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় মদারতলি গ্রামসহ সমগ্র এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *