বরাক তরঙ্গ, ১১ জুলাই: বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের একটি মন্তব্যকে ঘিরে শনিবার করিমগঞ্জ শহরে প্রতিবাদ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর করিমগঞ্জ জেলা কমিটি। শহরের পেট্রোল পাম্প এলাকার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের জেলা সভাপতি সুজিত কুমার পাল নেতাজির মূর্তিতে মাল্যদান করেন।
এরপর সংগঠনের কর্মী-সমর্থকরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— “নেতাজির অনুগামীরা গুণ্ডা নয়, দেশের গৌরব”, “নেতাজির আদর্শকে কালিমালিপ্ত করার চক্রান্ত রুখে দাঁড়ান”, “নেতাজির অনুগামীদের অপমান মানে সমস্ত বিপ্লবীদের অপমান” প্রভৃতি।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য ১৯৪০ সালের একটি নির্বাচনী জনসভার প্রসঙ্গ টেনে নেতাজি প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লকের সদস্যদের ‘গুণ্ডা’ বলে উল্লেখ করেন। এআইডিএসওর দাবি, এই মন্তব্য শুধু ফরওয়ার্ড ব্লকের কর্মীদের নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেও অবমাননা করেছে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারাকে শক্তিশালী করার লক্ষ্যে নেতাজি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে বিকৃত করে মন্তব্য করা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা আরও দাবি করেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে এবং নেতাজির প্রতি মানুষের আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।
এআইডিএসওর জেলা সভাপতি সুজিত কুমার পাল বলেন, “নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আশফাকউল্লা খানসহ অসংখ্য বিপ্লবীর আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই দেশ স্বাধীন হয়েছে। তাঁদের আদর্শকে সম্মান জানানো আমাদের দায়িত্ব। নেতাজির অনুগামীদের ‘গুণ্ডা’ বলা স্বাধীনতা সংগ্রামের সমস্ত যোদ্ধার প্রতি চরম অসম্মান।”
সংগঠনের পক্ষ থেকে শমীক ভট্টাচার্যের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।



