গুয়াহাটি-ইম্ফল পথে ১৫ লক্ষ টাকার কোল্ড ড্রিংকস উধাও, হাইলাকান্দি থেকে উদ্ধার, গ্রেফতার ১

Spread the news

কেএ লস্কর, লক্ষীপুর
বরাক তরঙ্গ, ১১ জুলাই :
বাঁশকান্দির এক ব্যবসায়ীর প্রায় ১৫ লক্ষ টাকার টিন চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রায় ১৫ লক্ষ টাকার কোল্ড ড্রিংকস চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুয়াহাটি থেকে ইম্ফলের উদ্দেশে রওনা হওয়া একটি লরিতে থাকা কোকাকোলা কোম্পানির কোল্ড ড্রিংকস রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। পরে হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১০১০ কার্টন কোল্ড ড্রিংকস উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় বোয়ালিপার এলাকার মুক্তাজুর রহমান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তবে লরির চালক এখনও পলাতক।

পুলিশ সূত্রে জানা গেছে, মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার ব্যবসায়ী জগনারায়ণ প্রসাদ গুয়াহাটি থেকে কোকাকোলা কোম্পানির ১৫ লক্ষ ৪৭ হাজার ৪৭৫ টাকা মূল্যের কোল্ড ড্রিংকস কিনে এএস-০১-কে-৯৩১৭ নম্বরের একটি লরিতে ইম্ফলের উদ্দেশে পাঠান। নির্ধারিত সময়ে লরিটি গন্তব্যে না পৌঁছানোয় সন্দেহের সৃষ্টি হয়। এরই মধ্যে গত বুধবার সকালে বাঁশকান্দি পুলিশ উজান তারাপুর এলাকায় লরিটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পরদিন বাঁশকান্দি থানায় এসে ব্যবসায়ী জগনারায়ণ প্রসাদ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের সূত্র ধরে হাইলাকান্দি জেলায় দু’টি পৃথক স্থানে অভিযান চালানো হয়। প্রথমে আলগাপুর দ্বিতীয় খণ্ডে দিলোয়ার হোসেনের বাড়ি থেকে ৫০০ কার্টন কোল্ড ড্রিংকস উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তৈয়বুর রহমান নামে এক ব্যক্তি ওই বাড়িতে কার্টনগুলো মজুত রেখেছিলেন। তবে অভিযানের আগেই দিলোয়ার হোসেন ও তৈয়বুর রহমান পালিয়ে যান।
পরবর্তীতে বোয়ালিপার গ্রামের মুক্তাজুর রহমান চৌধুরীর গোডাউনে অভিযান চালিয়ে আরও ৬০০ কার্টন কোল্ড ড্রিংকস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মুক্তাজুর রহমান চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার ধৃতকে লক্ষীপুর আদালতে হাজির করানো হলে আদালত তাকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার এবং চুরি হওয়া মালামালের সম্পূর্ণ রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *