শ্রীভূমি জেলা কারাগারে নিষিদ্ধ সামগ্রী উদ্ধার, গ্রেফতার দুই সহকারী জেলার সহ চার

Spread the news

বরাক তরঙ্গ, ৯ জুন : শ্রীভূমি জেলা কারাগারে বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধারের ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘ কয়েক মাসের তদন্তের পর কারাগারের চার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন দুই সহকারী জেলার এবং দুই ওয়ার্ডার। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া চারজন হলেন রুদ্র দেওরি, শুভাশিষ ঘোষ, মসিদ আলি লস্কর এবং বিশ্বজিৎ বরুয়া। তাদের বিরুদ্ধে কারাগারের নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং বন্দিদের কাছে বেআইনি সামগ্রী পৌঁছে দেওয়ার অভিযোগে তদন্ত চলছে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার লীনা দোলের নেতৃত্বে শ্রীভূমি জেলা কারাগারে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে কারাগারের বিভিন্ন অংশ থেকে ২৯টি মোবাইল ফোন, একাধিক চার্জার, ধারালো অস্ত্র, হুক্কা, বিড়ি, সিগারেট, লাইটারসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়।

কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা একটি জেলা কারাগারের ভেতরে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী কীভাবে প্রবেশ করল, তা নিয়ে তৎকালীন সময়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালীন কারাগারের কয়েকজন কর্মীর ভূমিকা নিয়ে সন্দেহের উদ্ভব হয় এবং বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে চার কর্মীকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া নিষিদ্ধ সামগ্রীর কারাগারে প্রবেশের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে তদন্তকারী সংস্থা।

ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জেলা কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *