বিশ্ব পরিবেশ দিবসে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সবুজ অভিযাত্রাসপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি। 
বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। পরিবেশ রক্ষার সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে জেলা কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান। বৃহস্পতিবার সকালে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে করিমগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

সকালের প্রথম প্রহর থেকেই কংগ্রেস কর্মী ও নেতারা শহরের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। করিমগঞ্জ শহরের ব্রিজ রোড, আম্বেদকর পার্ক, শম্ভু সাগর পার্ক, শহরের প্রবেশদ্বার মোবারকপুরসহ একাধিক জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণ কমানো এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

শুধু জেলা সদরেই নয়, করিমগঞ্জ জেলার প্রতিটি ব্লক কংগ্রেস কমিটিও নিজ নিজ এলাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা প্রচার এবং প্লাস্টিক বর্জনের শপথ গ্রহণের মধ্য দিয়ে দিনটি পালন করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।

বৃক্ষরোপণ কর্মসূচির সূচনালগ্নে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, “বিশ্ব পরিবেশ দিবস শুধুমাত্র একটি আনুষ্ঠানিক দিবস নয়। এটি আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি বাস্তব পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানায়। পরিবেশকে রক্ষা করতে হলে শুধু আলোচনা নয়, কার্যকর উদ্যোগ নিতে হবে। আজ একটি গাছ লাগান, আগামী প্রজন্মকে একটি নিরাপদ ভবিষ্যৎ উপহার দিন।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে প্লাস্টিক দূষণ বিশ্বব্যাপী এক বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক ও পলিথিনের নির্বিচার ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তাই বিশ্ব পরিবেশ দিবসের এই শুভক্ষণে আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ হই যে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং পলিথিন ক্যারি ব্যাগ ব্যবহার পরিত্যাগ করব। পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের মাধ্যমে আমরা প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব পালন করব।”

তাপস পুরকায়স্থ জানান, জেলা কংগ্রেস ইতোমধ্যে বিভিন্ন উৎস থেকে প্রায় ২০০০ গাছের চারা সংগ্রহ করেছে। আগামী সাত দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে, স্কুল-কলেজ, সরকারি প্রতিষ্ঠান, রাস্তার ধারে এবং জনবসতিপূর্ণ এলাকায় এই চারা রোপণ করা হবে। শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *