৫ জুন : ফের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে, কারণ ফেরিতে ওঠার আগেই বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঢাকাগামী একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ৫৫ মিনিটে বাসটি নদী থেকে উদ্ধার করা হয়। এ সময় বাসের চালক ও হেলপারকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বাসের এক যাত্রী হীরক আহমেদ জানান, তিনি পরিবারসহ কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসে উঠেছিলেন। বাসটিতে প্রায় ৩৮ জন যাত্রী ছিলেন। সকাল ৭টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটি সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পৌঁছায়। ফেরিতে ওঠার আগে চালক ও হেলপার ছাড়া সব যাত্রী বাস থেকে নেমে যান। এরপর বাসটি ফেরিতে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, এসবি পরিবহনের ঢাকাগামী বাসটি পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে যাত্রীদের আগেই নামিয়ে দেওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কাউকে নিখোঁজ বলেও জানা যায়নি।
রাজবাড়ির জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুর্ঘটনায় হতাহত হওয়ার কোনও তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ সফলভাবে বাসটি নদী থেকে উদ্ধার করেছে।



