জুন থেকে ডাল-চিনি-লবণ মিলবে না ন্যায্যমূল্যের দোকানে

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মে : রাজ্যের রেশন কার্ডভুক্ত উপভোক্তাদের জন্য বড় দুঃসংবাদ। আগামী জুন মাস থেকে রাজ্যের ন্যায্যমূল্যের দোকানগুলিতে আর ১০০ টাকার প্যাকেজে ডাল, চিনি ও লবণ পাওয়া যাবে না। জুন মাস থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে এই তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুলভ মূল্যের সরবরাহ।
ফলে রাজ্যের প্রায় ৭০ লক্ষ রেশন কার্ডধারীকে জুন থেকে ডাল, চিনি ও লবণ বাজারদরেই কিনতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত রেশন কার্ডভুক্ত উপভোক্তারা প্রতি কিলোগ্রাম মসুর ডাল ৬০ টাকা দরে পেয়ে আসছিলেন। পাশাপাশি লবণ ১০ টাকা এবং চিনি ৩০ টাকা কেজি দরে সরবরাহ করা হচ্ছিল। গত সাত মাস ধরে উপভোক্তারা এই তিনটি পণ্য সুলভ মূল্যে পেয়ে উপকৃত হয়েছেন।
তবে জুন মাসের পরও পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী রেশন ব্যবস্থার আওতায় চাল সরবরাহ অব্যাহত থাকবে। সূত্রের খবর, আগের বাজেট অনুযায়ী মে মাস পর্যন্তই এই ভর্তুকি কার্যকর ছিল। তাই রাজ্য সরকার নতুন বাজেট পেশ না করা পর্যন্ত রেশন কার্ডধারীরা আর সুলভ মূল্যে ডাল, চিনি ও লবণ পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *