মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ে এসে পাথারকান্দির রাজনৈতিক ময়দান কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে। কংগ্রেস ও বিজেপির পাল্টাপাল্টি শক্তিপ্রদর্শনের মাঝে বাড়ছে উত্তেজনা, আর তারই কেন্দ্রে রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র আসন্ন জনসভা, যাকে ঘিরে এলাকাজুড়ে তুঙ্গে জনউন্মাদনা। শেষ লগ্নের প্রচারে বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দিনভর একাধিক জনসভায় অংশ নিয়ে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। বিশেষ করে কংগ্রেস প্রার্থী কার্তিক সেন ও প্রাক্তন বিধায়ক মিলাল গোলা-কে নিশানা করে তিনি বিভিন্ন ইস্যুতে সরব হন।
রবিবার পাথারকান্দির বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত জনসভাগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও উচ্ছ্বাস নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিকেলে ইচাবিল হরিবাসরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ১৬ প্রহর হরিনাম সংকীর্তনে অংশ নিয়ে কৃষ্ণেন্দু পাল ভক্তিভরে প্রার্থনা করেন এবং সকলের মঙ্গল কামনা করেন। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এরপর বাজারিছড়ার কালাছড়া লালমাটি এলাকায় পৌঁছে তিনি ৭ এপ্রিল অনুষ্ঠিতব্য অমিত শাহর জনসভার প্রস্তুতি খতিয়ে দেখেন। জানা গেছে, সকাল ১০টায় নির্ধারিত এই সভায় উপস্থিত থেকে অমিত শাহ দলীয় প্রার্থীর সমর্থনে ভোটের আহ্বান জানাবেন।
সভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, “অমিত শাহজির আগমন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর উপস্থিতি নির্বাচনী প্রচারে নতুন গতি সঞ্চার করবে।” তিনি সকলকে এই জনসভায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
যদিও সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে সভাস্থলের মাটি কর্দমাক্ত হয়ে পড়েছে, তবুও সমস্ত বাধা অতিক্রম করে অনুষ্ঠান সফল করতে জোর প্রস্তুতি চালাচ্ছেন দলীয় কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানানো থেকে শুরু করে সংগঠনিক তৎপরতা—সব ক্ষেত্রেই নজরকাড়া উদ্যোগ দেখা যাচ্ছে।



