মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর করিমগঞ্জে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চরমে পৌঁছেছে। বিশেষ করে শহরের পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এখন নির্বাচনী আবহ তুঙ্গে। আর এই পরিস্থিতিতে সংগঠনকে আরও শক্তিশালী করতে মাঠে নেমেছে বিজেপি।
প্রার্থী সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিদিনই শহরের বিভিন্ন প্রান্তে জোরদার প্রচার চালানো হচ্ছে। ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়া এই প্রচার কার্যক্রম ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে বলে দাবি দলের।
উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করে কৌশলগতভাবে এগোচ্ছে বিজেপি। শহরের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলিতে সরাসরি উপস্থিত থেকে জনসংযোগে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রার্থী সুব্রত ভট্টাচার্য। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা, স্থানীয় সমস্যা শোনা এবং উন্নয়নের আশ্বাস দেওয়ার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের চেষ্টা চালানো হচ্ছে।
একাধিক প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, উত্তর করিমগঞ্জের মানুষ এবার উন্নয়ন, স্বচ্ছতা এবং স্থিতিশীল প্রশাসনের পক্ষেই রায় দেবেন। তাঁর কথায়, “গত কয়েক বছরে অসমে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, তাকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তার সুফল উত্তর করিমগঞ্জের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকও তুলে ধরেন তিনি।
এদিকে, শহরের বিভিন্ন ওয়ার্ডে বিজেপির নেতা-কর্মীরা ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন। প্রচারের সময় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, মতবিনিময় এবং সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ায় ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে বলে দাবি দলের।
এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন শ্রীভূমি পুরসভার প্রাক্তন পুরপতি রবিন্দ্র চন্দ্র দেব, ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার শুভ দাস সহ নির্মল বনিক, চিরঞ্জিত চক্রবর্তী, বীরেন দাস, শিলাদিত্য দাস ও চন্দন সিংহ প্রমুখ।



